স্বাস্থ্য
বাঁশের আড়ালে সিগারেট সিন্ডিকেট! জলপাইগুড়িতে ধরা পড়ল মায়ানমার-মার্কা কারবার
ডিজিটাল ডেস্কঃ বাহ্যিকভাবে দেখলে মনে হবে সাধারণ বাঁশবোঝাই ট্রাক। কিন্তু সেই ট্রাকের গোপন চেম্বারে লুকিয়ে ছিল প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট। জলপাইগুড়ির (Jalpaiguri) বালাপাড়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনায় ধৃত দুই অভিযুক্ত—চালক মহম্মদ আসিফ (Mohammad Asif) ও খালাসি সাকিব খান (Sakib Khan)।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নড়েচড়ে বসে জলপাইগুড়ি জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। জাতীয় সড়কের তিস্তা সেতুর (Teesta Bridge) সংলগ্ন অঞ্চলে শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় একটি বাঁশবোঝাই ট্রাক দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের। গাড়িটিকে দাঁড় করিয়ে চালক ও সহকারীর সঙ্গে কথা বলতেই তাঁদের কথাবার্তায় অসংগতির খোঁজ মেলে। এরপরই শুরু হয় কড়াভাবে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুনঃ সেনা ক্যাম্পে ঢোকার অভিযোগে আফগান যুবক গ্রেপ্তার, তদন্ত শুরু
চাপে পড়ে ধৃতরা স্বীকার করে, বাঁশের স্তূপের পেছনে রয়েছে বিদেশ থেকে চোরাপথে আনা বিপুল পরিমাণ সিগারেট। গাড়ির ড্রাইভিং সিটের পিছনে কৌশলে তৈরি করা হয়েছিল একাধিক গোপন কেবিন। সেই সব কেবিন খুলতেই চোখ চড়কগাছ তদন্তকারীদের। প্রতিটি চেম্বার ভর্তি ছিল বিদেশি সিগারেটের প্যাকেট।
আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশের অনুমান, এই সিগারেট মায়ানমার (Myanmar) থেকে অবৈধ পথে ভারতে প্রবেশ করেছিল। অসম হয়ে জলপাইগুড়ি হয়ে উত্তরাখণ্ডে (Uttarakhand) পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের।
তদন্তে উঠে আসছে আরও তথ্য। আগেও জলপাইগুড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি টাকার বেশি মূল্যের বিদেশি সিগারেট। পুলিশের মতে, একটি বড় চক্র সক্রিয় রয়েছে উত্তরবঙ্গ হয়ে আন্তর্জাতিক সিগারেট পাচারে। সেই চক্রে আরও কারা জড়িত, তা জানতেই এখন জোর তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে চক্রের মূল পান্ডাদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।
