কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ জানাতে এবার অনলাইন পোর্টাল, উদ্যোগ যোগী সরকারের
Connect with us

ভাইরাল খবর

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অভিযোগ জানাতে এবার অনলাইন পোর্টাল, উদ্যোগ যোগী সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নারী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যে চালু হল SHe-Box (Sexual Harassment electronic Box) পোর্টাল—যার মাধ্যমে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সহজেই দায়ের করা যাবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, এখন থেকে রাজ্যের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ অভিযোগ নিরসন কমিটি (Internal Complaints Committee) গঠন বাধ্যতামূলক। ইতিমধ্যেই ৮৪টি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, যারা SHe-Box পোর্টালে প্রাপ্ত অভিযোগসমূহ আপলোড ও পর্যবেক্ষণ করবেন।

রাজ্যের নারী কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌন হেনস্থা, কুরুচিকর মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি বা অনভিপ্রেত স্পর্শের মতো ঘটনাগুলিকে দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করতেই এই ডিজিটাল ব্যবস্থার সূচনা।

এই পোর্টালের মাধ্যমে কোনও মহিলা সরাসরি অভিযোগ জানাতে পারবেন, যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। অভিযোগ পাওয়ার ৯০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই কমিটিকে। গোপনীয়তা বজায় রাখতে প্রতিটি অভিযোগের জন্য থাকবে একটি নির্দিষ্ট ট্র্যাকিং আইডি, যার মাধ্যমে অভিযোগকারিণী তদন্তের অগ্রগতি জানতে পারবেন।

Advertisement
ads

উত্তরপ্রদেশের ৭৫টি জেলাতেই ইতিমধ্যেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানে ১০ বা তার বেশি মহিলা কর্মী রয়েছেন, সেসব জায়গায় অভ্যন্তরীণ কমিটি গঠন বাধ্যতামূলক। কমিটিতে থাকতে হবে অন্তত ৫০ শতাংশ মহিলা সদস্য এবং চেয়ারপার্সন হিসেবে একজন মহিলাকেই নিয়োগ করতে হবে।

এছাড়াও অসংগঠিত ক্ষেত্রের কর্মরত মহিলাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ জন্য বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য একটি সুরক্ষিত, সম্মানজনক ও নির্ভরযোগ্য পরিবেশ গড়ে তোলার পথে আরও এক ধাপ এগোল উত্তরপ্রদেশ প্রশাসন।

Advertisement
ads