বিশ্বের খবর
মুসলিমদের মন জয় করতে ইফতার আয়োজন, মধ্যপ্রাচ্যের শান্তির কথা বললেন ট্রাম্প
ডিজিটাল ডেস্কঃ পবিত্র রমজান মাস উপলক্ষে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নৈশভোজে উপস্থিত ছিলেন মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা।
ইফতারের সূচনা বক্তব্যে ট্রাম্প মুসলিমদের রমজান মুবারক জানিয়ে বলেন, “এই মাস আধ্যাত্মিক প্রতিফলন, আত্মসংযম ও প্রার্থনার। বিশ্বজুড়ে মুসলিমরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখেন এবং সূর্যাস্তের পর পরিবারের সঙ্গে ইফতারে অংশ নেন।”
এছাড়াও, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারদের অবদানের কথা উল্লেখ করে বলেন, “লক্ষ লক্ষ মুসলিম আমেরিকান আমাকে রেকর্ড সংখ্যায় ভোট দিয়েছেন। আমি আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। আপনাদের স্বার্থ রক্ষা করাই আমার অঙ্গীকার।”
আরও পড়ুনঃ স্বাধীনতার লড়াই ভুলে ব্রিটিশদের প্রশংসা! কী বললেন মমতা?
নৈশভোজের বক্তৃতায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেন, তাঁর প্রশাসন ঐতিহাসিক ‘আব্রাহাম অ্যাকর্ড’-এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। “এই চুক্তি নিয়ে সংশয় ছিল, কিন্তু আমরা প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক,” বলেন ট্রাম্প।
প্রসঙ্গত, ২০২০ সালে তাঁর প্রশাসনের উদ্যোগে ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে ‘আব্রাহাম অ্যাকর্ড’ স্বাক্ষরিত হয়। এর ফলে দীর্ঘদিনের শত্রুতা ভুলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়েছিল। তবে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাস-ইজরায়েল সংঘাতের পর আবারও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমান সংঘাত নিরসনের জন্য আমেরিকা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ট্রাম্প তাঁর বক্তৃতায় সেই বিষয়টিও তুলে ধরেন।
