বিনোদন
প্যালেস্টাইনি পরিচালকের ওপর হামলা, সেনার হেফাজতে গায়েব
ডিজিটাল ডেস্কঃ একাডেমি পুরস্কার জয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর সহ-পরিচালক হামদান বল্লালের উপর হামলার অভিযোগ উঠেছে ইজ়রায়েলি বসতকারীদের বিরুদ্ধে। পশ্চিম তীরের সুসিয়া গ্রামে সোমবার এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একদল ইজ়রায়েলি হামদান বল্লালের বাড়ি ঘিরে ধরে, তাঁকে মারধর করে এবং পরে ইজ়রায়েলি সেনারা তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।
হামদানের সহ-পরিচালক বাসেল আদ্রা জানান, হামলার সময় পরিচালক তাঁকে ফোন করে সাহায্য চান। তিনি ঘটনাস্থলে পৌঁছলে দেখেন, হামদানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং কয়েকজন ইজ়রায়েলি পাথর নিক্ষেপ করছে। সেই সময়ই সেনারা এসে পরিচালকের মাথা থেকে রক্ত ঝরতে থাকা অবস্থাতেই তাঁকে নিয়ে চলে যায়।
আরও পড়ুনঃ গাজায় আবারও রক্তপাত, ইজরায়েলের লাগাতার হামলায় বহু মৃত্যু
সংবাদ সংস্থা এপি সূত্রে জানা যায়, হামদানকে আটক করার সময় তাঁর চিকিৎসা চলছিল একটি অ্যাম্বুল্যান্সে, কিন্তু সেখান থেকেও তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। অপর এক সহ-পরিচালক যুভল আব্রাহাম জানান, সেনাবাহিনীর সদস্যরা কোনো ব্যাখ্যা না দিয়েই তাঁকে নিয়ে যায় এবং এরপর থেকে হামদানের অবস্থান অজানা।
ইজ়রায়েলি সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তারা শুধু জানিয়েছে, বিষয়টি যাচাই করা হচ্ছে। এর আগে একাধিকবার হামদান বল্লালকে হুমকি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিএনএন।
