বিজ্ঞান
ঘিবলি জ্বরে কাঁপছে দুনিয়া! চ্যাটজিপিটি-র কর্মীদের ঘুম উড়িয়ে দিল কার্টুন উন্মাদনা
ডিজিটাল ডেস্কঃ সোশাল মিডিয়ায় এখন ‘ঘিবলি স্টাইল’ নিয়ে উন্মাদনা তুঙ্গে! সারা বিশ্বজুড়ে তারকা থেকে সাধারণ মানুষ—নিজেকে ঘিবলি অ্যানিমেশনের মতো কার্টুন চরিত্রে দেখার লোভ সামলাতে পারছেন না কেউই। আর এই বিপুল চাহিদার ধাক্কায় কার্যত নাজেহাল অবস্থা চ্যাটজিপিটি-র প্রস্তুতকারী সংস্থা ওপেনএআই-এর।
সম্প্রতি ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) জানিয়েছেন, ইমেজ জেনারেটরের চাহিদা এতটাই বেড়েছে যে তাদের জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট) কার্যত ‘গলে’ যাচ্ছে! বিপুল চাপে সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখতে প্রতিদিন মাত্র তিনটি করে ছবি তৈরির সীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু তাতেও নেটিজেনদের আগ্রহ কমেনি, বরং আরও বেড়েছে।
আরও পড়ুনঃঝগড়া জমলো বিষমদে! বন্ধুকে ‘স্পেশাল ড্রিংক’ খাওয়াল রুমমেট
স্টুডিও ঘিবলি, যা টোকিও-ভিত্তিক এক বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিও, তাদের অসাধারণ হাতের আঁকা অ্যানিমেশন দিয়ে বিখ্যাত। ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস’, ‘মাই নেবার টোটোরো’-র মতো কালজয়ী অ্যানিমে তৈরি করেছে এই স্টুডিও। এতদিন এই শৈলী তৈরিতে সময় ও শ্রম লাগত প্রচুর, কিন্তু এবার চ্যাটজিপিটি-র এআই মুহূর্তে সেই ছবিই তৈরি করে দিচ্ছে।
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যখন ঘিবলি-জ্বরে আক্রান্ত, তখন ওপেনএআই-এর কর্মীদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। ধৈর্যের অনুরোধ জানিয়ে অল্টম্যান বলেন, “ছবি তৈরির সময় একটু ধৈর্য ধরুন। যা চলছে, এটা সত্যিই পাগলামি! আমাদের টিমেরও বিশ্রামের দরকার।”
এই মুহূর্তে চাপ সামলাতে ও সার্ভার সচল রাখতে ওপেনএআই কিছু বিধিনিষেধ আরোপ করলেও, নেটিজেনদের উত্তেজনায় একটুও ভাটা পড়েনি। বরং ঘিবলি ফিল্টারের জনপ্রিয়তা আরও বেড়েই চলেছে।
