বিজ্ঞান
ভারত-সহ একাধিক দেশে ChatGPT পরিষেবা ব্যাহত, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হল জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট ChatGPT-র (ChatGPT) পরিষেবা। ভারত থেকে আমেরিকা, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া—বিভিন্ন দেশে এই সমস্যা দেখা যায় বলে দাবি করেছেন ব্যবহারকারীরা।
জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই অনেকেই ChatGPT-তে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন। কেউ কেউ জানিয়েছেন, ওয়েবসাইট একেবারেই লোড হচ্ছে না, আবার কারও ক্ষেত্রে পেজ খুললেও কোনও প্রশ্নের উত্তর দিচ্ছে না সিস্টেম।
ওয়েবসাইট ও অ্যাপ পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলির ট্র্যাকিং প্ল্যাটফর্ম Down Detector-এও এক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০-র বেশি রিপোর্ট জমা পড়ে। সামাজিক মাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কেউ লিখেছেন, “আমার কাজের সব কিছুই আটকে গেল”, আবার কেউ ব্যঙ্গ করে বলেছেন, “এ যেন ডিজিটাল যুগের হার্টব্রেক!”
এক্স (X)-এর এক ব্যবহারকারী লিখেছেন, “ChatGPT is not responding to anything. What’s happening?” আবার অন্য একজন লেখেন, “Never thought I’d be so sad over an AI being down.”
তবে এখনও পর্যন্ত OpenAI সংস্থার পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়নি এই পরিষেবা বিভ্রাট নিয়ে।
এই মুহূর্তে ঠিক কত দেশে এই বিভ্রাট দেখা গিয়েছে, বা সমস্যার মূল উৎস কোথায়—তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে বাড়তে থাকা লোড, বা সার্ভার জনিত সমস্যা এর কারণ হতে পারে। তবে ব্যবহারকারীদের দাবি, এই ধরনের বিভ্রাট খুবই বিরল, যা ChatGPT-র ওপর নির্ভরশীলতা কতটা বেড়েছে, তা স্পষ্ট করে দেয়।


