কলকাতা
পথেই পথ খুঁজবে শিক্ষক সমাজ, চাকরিহারাদের ডাকে আজ রাজপথে প্রতিবাদ
ডিজিটাল ডেস্কঃ চলছে প্রতিবাদ, জ্বলছে ক্ষোভ। কসবায় ডিআই অফিসের সামনে চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ফের পথে নামছেন তাঁরা। দুপুর ১২টা নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ।
এই প্রতিবাদ মিছিলে শুধুমাত্র চাকরিহারারাই নন, পাশে দাঁড়াতে আহ্বান জানানো হয়েছে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও।
বুধবার কসবায় ডিআই অফিস ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দাবি-দাওয়া নিয়ে অবস্থান শুরু করেছিলেন চাকরি হারানো শিক্ষকরা। অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠি চালায় তাঁদের উপর। ওই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায় কলকাতার পুলিশ কমিশনার-কে বলতে শোনা যায়, “অন রেকর্ড বলছি, এটা ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
আরও পড়ুনঃ“স্বপ্ন ভেঙেছে আদালতে, আশা বাঁচিয়ে রাজপথে—ফিরে পেতে চান নিজেদের সম্মান
বুধবারের ঘটনার পরে রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান চালান চাকরিহারাদের একটি অংশ। তাঁদের বক্তব্য— এখন আর পিছু হটার সময় নয়। “পথেই পথ খুঁজে পাব আমরা”, এই স্লোগানকে সামনে রেখে তাঁরা জানিয়ে দেন, যতদিন না সমস্যা মেটে, আন্দোলন চলবে।তাঁদের দাবি, এসএসসি অবিলম্বে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক। কারণ, এসএসসি শুধুমাত্র রিকমেন্ডিং বডি হলেও, নিয়োগ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য জানার অধিকার তাঁদের রয়েছে।
আজকের মিছিলের পর আগামীকাল, শুক্রবার রয়েছে এসএসসি ভবন অভিযান। সেই কর্মসূচি সেরে চাকরিহারা প্রতিনিধিরা বিকাশ ভবনে ব্রাত্য বসুর ডাকা বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে। বর্তমানে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী এক লপ্তে চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের পর। সেই রায়ের বাস্তবায়ন ঘিরে শিক্ষাক্ষেত্রে এক গভীর সঙ্কট তৈরি হয়েছে, যার প্রতিবাদে ক্রমেই সরব হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের নানা স্তরের মানুষ। এই অবস্থায় বৃহস্পতিবারের মহামিছিল কতটা জনসমর্থন পায়, তার উপরেই নির্ভর করছে আগামী আন্দোলনের গতিপথ।
