দেশ
অক্টোবরে বৃদ্ধি পেলো দেশের বেকারত্বের হার, সন্দিহান ভারতীয় অর্থনীতির সচলতা নিয়ে
নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : করোনা, লকডাউন পেরিয়ে শুরু হয়েছে নিউ নর্মালের যাত্রাপথ। দেশ চলছে মূলত স্বাভাবিক ছন্দেই।অর্থনীতির গতিপথ মসৃণ করতে খুলে গেছে দেশের অধিকাংশ কল কারখানা, অফিস, বিপণি। এমনকি লকডাউনের মধ্যেই এখনো পর্যন্ত অক্টোবর মাসে এবছরের সর্বাধিক জিএসটি আদায় হয়েছে।
বিশেষজ্ঞদের মত দেশজুড়ে সচল হয়েছে অর্থনীতির চাকা।যদিও এসব কোনকিছুই দিশা দেখাতে পারছে না দেশের যুব সমাজকে।
চলতি মাসেই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দেশের বেকারত্ব। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য নিজেদের রিপোর্টে প্রকাশ করেছে সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি। সিএমআইই-র রিপোর্ট অনুযায়ী অক্টোবর মাসে দেশের বেকারত্বের হার প্রায় ৬.৯৮ শতাংশ। এই হার চিন্তায় ফেলেছে দেশের যুব সমাজকে।
করোনা সংক্রমণ রুখতে দীর্ঘদিন দেশজুড়ে চলছিল লকডাউন। এরফলে স্তব্ধ হয়ে পড়ে দেশীয় অর্থনীতি। এই অর্থনৈতিক মন্দা কার্যত থাবা বসিয়েছিলো ভারতের কর্মক্ষেত্রে। চলতি বছরের প্রথম তিনমাসে দেশের জিডিপি নেমে এসেছে প্রায় -২৩.৮শতাংশে। এরফলে একদিকে যেমন বিভিন্ন সংস্থায় কর্মীনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে।তেমনি ছাটাই হয়েছে বহু কর্মী। ফলে অক্টোবর মাসে জিএসটি বাবদ উল্লেখযোগ্য আয় হলেও এর ফল দেশের কর্মক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব আনবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে সিএমআইই-এর রিপোর্টে। করোনা আবহে অচলাবস্থা শেষে বাজার সচল হলেও দেশের যুব সমাজের হাল হকিকত নিয়ে প্রশ্নের জবাব নেই কারো কাছেই।
