ডিজিটাল ডেস্কঃ বছরে ২ কোটি কর্মসংস্থানের (employment) প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা মোদী সরকারের সামনে ফের বড় চ্যালেঞ্জ। চলতি বছরের প্রথম মাসেই দেশে বেকারত্বের হার (unemployment rate) বেড়ে দাঁড়িয়েছে ৫ শতাংশে। সোমবার কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে সরকারের এই ব্যর্থতার চিত্রটিই ফুটে উঠেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বেকারত্বের হার যেখানে ৪.৮ শতাংশ ছিল, জানুয়ারি মাসে তা একলাফে বৃদ্ধি পেয়েছে।
জাতীয় পরিসংখ্যান অফিস (NSO)-এর সমীক্ষায় দাবি করা হয়েছে, শহর ও গ্রাম— উভয় ক্ষেত্রেই বেকারত্বের হার বেড়েছে। বিশেষত, শ্রমশক্তি অংশগ্রহণের হার (LFPR) এবং শ্রমিক জনসংখ্যা অনুপাত (WPR) আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, গ্রামীণ ক্ষেত্রে বেকারত্ব বৃদ্ধির প্রধান কারণ হলো প্রতিকূল আবহাওয়া (weather conditions) এবং ফসল কাটার পরবর্তী মন্দা। কৃষিক্ষেত্রে মানুষের উৎসাহ কমে যাওয়াও একটি বড় কারণ।
রিপোর্টে আরও জানানো হয়েছে, শীতকালে নির্মাণ কাজ, পরিবহণ এবং ক্ষুদ্র ব্যবসার (small business) গতি কিছুটা কমে যায়। যার সরাসরি প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর। তবে বিশেষজ্ঞদের মতে, সরকারি কারণ যাই হোক না কেন, দেশের শিক্ষিত যুবকদের বড় অংশ এখনও স্থায়ী চাকরি (job) থেকে বঞ্চিত। সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বলা হলেও বাস্তব পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটেনি। গত ডিসেম্বর মাসে প্রথমবারের মতো বেকারত্বের হার ৫ শতাংশের নিচে নেমে স্বস্তি দিলেও, জানুয়ারিতে ফের সেই সূচক ঊর্ধ্বমুখী হওয়া উদ্বেগ বাড়িয়েছে।