রাজ্যের খবর
কয়লা পাচার কাণ্ডে ইডির জালে রাজ্য পুলিশের আধিকারিক
নিউজ ডেস্ক , ৪ এপ্রিল :কয়লা পাচার কাণ্ডে (Coal smuggling scam)শনিবার রাতে দিল্লি থেকে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)৷ কয়লা পাচার মামলায় এই প্রথম কোনও পুলিশ আধিকারিককে ধরা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।
রবিবার তাঁকে আদালতে তোলা হবে বলে ইডি সূত্রে খবর। ধৃতকে জেরা করে ওই মামলায় বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। উল্লেখ্য এর আগে কয়লা পাচারচক্রের অন্যতম চাঁই বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছিল।প্রসঙ্গত, ইতিপূর্বে বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে একাধিকবার জেরা করেছে সিবিআই। তার কাছ থেকে বিনয়ের সম্পর্কে একাধিক তথ্য মিলেছিল বলে খবর। এমনকী, কয়লা পাচারের মূল পাণ্ডা বিনয়ের সঙ্গে এই পুলিশ আধিকারিকের সরাসরি সম্পর্ক ছিল বলেও দাবি করেছে ইডি সূত্র। এর পর তাকে জেরা করতে দিল্লিতে ডেকে পাঠানো হয়। শনিবার সন্ধে থেকে দীর্ঘক্ষণ জেরা চলে। সূত্রের দাবি, অশোকের উত্তরে সন্তুষ্ট হয়নি ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যে পুলিশের আধিকারিককে হেফাজতে নিয়ে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চায় ইডি।
