সোশ্যাল মিডিয়া
নামী ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে তোলপাড় পুলিশ কর্তৃপক্ষ
ডিজিটাল ডেস্কঃ আইপিএলে (IPL) খেলার সুযোগ পাওয়া বরোদার ক্রিকেটার শিবালিক শর্মা (Shivalik Sharma) এখন পুলিশের খাতায় অভিযুক্ত। রাজস্থানের যোধপুরে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের হয়েছে। যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় অভিযোগ জানানো হয়েছে যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছিলেন শিবালিক।
তদন্তে নেমেছে পুলিশ
যোধপুরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP) আনন্দ সিং (Anand Singh) জানান, ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ক্রিকেটারের খোঁজে তল্লাশি চলছে। যেকোনও সময় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, তরুণীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাঁর বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
পরিচয়, প্রেম, বাগদান… তারপর মোড় ঘোরে
অভিযোগকারিণী তরুণীর দাবি, দু’বছর আগে বরোদা সফরে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় শিবালিকের। সেখান থেকেই শুরু যোগাযোগ। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, নিয়মিত ফোনে কথা, দেখা-সাক্ষাৎ চলতে থাকে। ২০২৩ সালের আগস্টে দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের বাগদানও সম্পন্ন হয়।
তরুণীর বক্তব্য অনুযায়ী, বাগদানের কিছুদিন পরেই শিবালিক যোধপুরে তাঁদের বাড়িতে এসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন। এছাড়াও তাঁরা একসঙ্গে জয়পুর-সহ রাজস্থানের একাধিক জায়গায় ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে আচমকাই শিবালিকের পরিবারের তরফে জানানো হয়, ছেলের জন্য অন্যত্র থেকেও বিয়ের প্রস্তাব এসেছে, তাই এই সম্পর্ক আর এগোবে না।
হুমকি, চাপে ভাঙা সম্পর্ক
তরুণীর দাবি, তাঁদের পরিবারের তরফে বহুবার সম্পর্ক বজায় রাখার জন্য অনুরোধ জানানো হলেও, শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি। উল্টে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
ক্রিকেট ক্যারিয়ারে শিবালিক
২০২৪ আইপিএল নিলামে ২০ লক্ষ টাকা বেস প্রাইসে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে জায়গা পেয়েছিলেন শিবালিক শর্মা। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি, তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বরোদার হয়ে খেলেছেন এবং ভালো পারফরম্যান্স করেছেন বলে জানা যায়।
বর্তমানে, পুলিশের তদন্তে নয়া মোড় নিতে পারে এই ঘটনা। অভিযোগ প্রমাণিত হলে শিবালিকের ক্রিকেট কেরিয়ার মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।
