ভাইরাল খবর
শাসক দলকে হারিয়ে নেটদুনিয়ায় নজির সিজেপি-র! ইনস্টাতে বিজেপি-কে টক্কর দিতেই ভারতে ব্লক CJP-র X হ্যান্ডেল
ডিজিটাল ডেস্কঃ ভারতের যুব সমাজের পুঞ্জীভূত ক্ষোভ এবং ‘মিম’ সংস্কৃতির মেলবন্ধনে তৈরি হওয়া এক নজিরবিহীন ডিজিটাল আন্দোলনকে (Digital Movement) থামানোর চেষ্টা শুরু হলো। ভারতের প্রধান বিচারপতি (Chief Justice) সূর্য কান্তের এক মন্তব্যের প্রতিবাদে তৈরি ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র অফিশিয়াল X হ্যান্ডেলটি বৃহস্পতিবার ভারতে ব্লক (Block) করা হয়েছে।
মজার বিষয়, ইনস্টাগ্রামে (Instagram) কেন্দ্রের শাসক দল বিজেপি-র ফলোয়ার সংখ্যাকে টেক্কা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি নির্দেশে এই আইনি পদক্ষেপ (Legal Action) নেওয়া হলো। মাত্র ৫ দিনে এই ব্যঙ্গাত্মক পেজের অনুগামী সংখ্যা ১৩.২ মিলিয়নে পৌঁছেছে, যা বিজেপির (৮.৭ মিলিয়ন) চেয়ে অনেক বেশি। দলের প্রতিষ্ঠাতা বছর তিরিশের অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) একে কর্তৃপক্ষের ‘সেলফ গোল’ হিসেবেই দেখছেন।
গত সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বেকার যুবক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ‘ককরোচ’ ও ‘পরজীবী’ বলেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই বস্টন ইউনিভার্সিটির স্নাতক অভিজিৎ এই আন্দোলনের সূচনা করেন। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আদর্শের এই মঞ্চটি দলবদলু রাজনেতাদের ওপর ২০ বছরের রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং অবসরের পর বিচারপতিদের রাজ্যসভার পদ না দেওয়ার মতো ৫ দফা ইশতেহার (Manifesto) প্রকাশ করেছে। ইতিমধ্যে মহুয়া মৈত্র, মণীশ সিসোদিয়া ও প্রশান্ত ভূষণের মতো ব্যক্তিত্বরা এই ডিজিটাল প্রতিরোধকে (Digital Resistance) সমর্থন জানিয়েছেন।


