দেশের খবর
উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণণের জয়, ধনকড়ের ইস্তফার পর প্রথম বার্তা
ডিজিটাল ডেস্কঃ ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি (Vice President) পদে বিপুল ভোটে জয়ী হলেন এনডিএ (NDA) প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ (C.P. Radhakrishnan)। এই জয়ের পর তাঁকে অভিনন্দন জানালেন সদ্য ইস্তফা দেওয়া প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
গত জুলাই মাসে আচমকা পদত্যাগের (Resignation) পর এই প্রথমবার প্রকাশ্যে কোনও মন্তব্য করলেন ধনকড়।
একটি চিঠির মাধ্যমে তিনি রাধাকৃষ্ণণকে শুভেচ্ছা জানিয়ে লেখেন,
“দেশের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত, আপনার নেতৃত্বে এই দপ্তর আরও শ্রদ্ধা ও গৌরব অর্জন করবে।”
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত উপরাষ্ট্রপতি নির্বাচনে রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট। তাঁর বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি (Sudarshan Reddy) পেয়েছেন মাত্র ৩০০ ভোট। অন্তত ১৫টি ভোট বাতিল (Invalid Votes) হয়েছে বলে জানা গিয়েছে।
এই জয় নিয়ে যদিও বিশেষ চমক ছিল না, কারণ সংখ্যার নিরিখে আগেই এগিয়ে ছিল এনডিএ। তাদের ঝুলিতে ছিল অন্তত ৪২৫টি নিশ্চিত ভোট। এর সঙ্গে ছিল ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) ও নির্দল (Independent) সাংসদদের অতিরিক্ত সমর্থনও।
তবে নজর ছিল একমাত্র ভোটের ব্যবধানের দিকে। ২০২২ সালে ধনকড় মার্গারেট আলভাকে (Margaret Alva) ৩৪৬ ভোটে পরাজিত করেছিলেন। এবার ব্যবধান দাঁড়াল ১৫২ ভোটে।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাতে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)-কে চিঠি দিয়ে জানান, চিকিৎসকদের পরামর্শ এবং শারীরিক পরিস্থিতির কারণে সংবিধানের ৬৭(ক) ধারা অনুযায়ী তিনি ইস্তফা দিচ্ছেন। সেই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সুসম্পর্ক ও সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
বর্তমানে দেশজুড়ে চলছে নতুন উপরাষ্ট্রপতির অভিষেক ঘিরে আলোচনা। এই প্রেক্ষাপটে ধনকড়ের বার্তা রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
