উত্তর দিনাজপুর
ইসলামপুর কলেজে অধ্যাপকদের অবস্থান বিক্ষোভ, ইস্তফা দিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ
ডিজিটাল ডেস্কঃ ইসলামপুর কলেজে ফের উত্তপ্ত পরিবেশ। কলেজ পরিচালনা নিয়ে মতবিরোধ, পরিচালন সমিতির সভাপতির বিতর্কিত মন্তব্য এবং অধ্যাপকদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ইস্তফা দিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. উজির আহমেদ।
ঘটনার সূত্রপাত ২রা এপ্রিল। কলেজ পরিচালন সংক্রান্ত নানা বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন কলেজের অধ্যাপক এবং পরিচালন সমিতির সদস্যরা। সেই বৈঠকে কলেজ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তুলে অধ্যাপকরা সরব হন ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। অভিযোগ, বিভিন্ন সময় নানা বিষয়ে কলেজের শিক্ষকদের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল ড. আহমেদের। ফলত, কলেজের ২৩ জন অধ্যাপকের মধ্যে ১৮ জন তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
আরও পড়ুনঃ চাকরির জন্য খুন! স্ত্রীর হাতে প্রাণ গেল রেলকর্মীর, ধৃত প্রেমিক-সহ
বৈঠকের পর অধ্যাপকদের তরফে একটি রেজোলিউশন তৈরি করে কলেজ পরিচালন সমিতির সভাপতির কাছে পাঠানো হয়। কিন্তু অধ্যাপকদের সঙ্গে আলোচনায় না গিয়েই সভাপতি ইমদাদ চৌধুরী সংবাদমাধ্যমে মুখ খোলেন এবং সেখানে কিছু অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ। তাঁর মন্তব্যে শিক্ষকদের মর্যাদা হানি হয়েছে বলে দাবি করেন অধ্যাপকরা।
এই ঘটনার প্রতিবাদে কলেজে অবস্থান বিক্ষোভে সামিল হন একাধিক অধ্যাপক। কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে প্রায় ৮ ঘন্টা অধ্যাপকদের অবস্থান বিক্ষোভে কলেজেই আটকে থাকেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করে ইস্তফাপত্র পাঠিয়ে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. উজির আহমেদ।
কলেজ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর কলেজে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে এই ঘটনার জেরে কলেজের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনকে।
