বিশ্বের খবর
বিদেশে পড়ে কর্মসংস্থানের আশা ধাক্কায়, OPT তুলে নেওয়ার পথে আমেরিকা
ডিজিটাল ডেস্কঃ নতুন একটি বিল মার্কিন কংগ্রেসে পেশ হওয়ায় আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। এই বিল পাশ হলে আমেরিকায় থাকা ও কাজ করার সুযোগের গুরুত্বপূর্ণ উপাদান ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (OPT) কার্যত বাতিল হয়ে যেতে পারে। ফলে স্নাতক সম্পন্ন করার পর হাজার হাজার আন্তর্জাতিক পড়ুয়াকে দেশে ফিরে যেতে হবে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় ছাত্রছাত্রীদের ওপর, যাঁদের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে অধিকাংশ ভারতীয় পড়ুয়া আমেরিকায় যান STEM—বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক—বিষয়ে উচ্চশিক্ষা নিতে। এই কোর্সগুলো শেষ করার পরে তাঁরা OPT-এর অধীনে ১ থেকে ৩ বছর আমেরিকায় কাজ করার সুযোগ পান, যা ভবিষ্যতে কর্মসংস্থান এবং স্থায়ী বসবাসের সম্ভাবনার পথও খুলে দেয় অনেক সময়। কিন্তু এই সুযোগ বাতিল হলে তাঁদের সেই সম্ভাবনাও হারিয়ে যেতে পারে।
‘ওপেন ডোরস ২০২৪’ রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় যাওয়া বিদেশি পড়ুয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল শীর্ষে। সংখ্যাটা পৌঁছেছে ৩ লক্ষ ৩১ হাজারেরও বেশি। এদের মধ্যে প্রায় এক লক্ষ পড়ুয়া OPT-র মাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জনের পথে পা বাড়িয়েছেন। এই পরিস্থিতিতে নতুন আইন কার্যকর হলে তাঁদের সকলকেই উচ্চশিক্ষা শেষ করার সঙ্গে সঙ্গেই আমেরিকা ছাড়তে হতে পারে।
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিবাসন আইন বিশেষজ্ঞ বলেন, যদি এই আইন বাস্তবায়িত হয়, তাহলে শিক্ষান্তে কর্ম-অভিজ্ঞতার সুযোগ একেবারে বন্ধ হয়ে যাবে, যা বহু ছাত্রের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। অতীতে এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা হলেও তা সফল হয়নি। তবে বর্তমানে অভিবাসন-বিরোধী মনোভাব ও রাজনৈতিক চাপের ফলে এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই আইনের ফলে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমেরিকায় পড়তে আসা ছাত্রদের জন্য উচ্চশিক্ষার অভিজ্ঞতা এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে—এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
