ডিজিটাল ডেস্কঃ যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়েই ফের নবান্নের (Nabanna) পথে পা বাড়াচ্ছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা (Jobless Education Workers)। ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ শব্দদুটি ঘিরেই রাজ্যের শিক্ষা-রাজনীতি যখন টালমাটাল, ঠিক তখনই হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে এক ঐক্যবদ্ধ আওয়াজ তুলে রাজ্য প্রশাসনের দফতরের দিকে এগোতে চলেছেন চাকরিপ্রার্থীরা।
জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ হাওড়া ময়দান মেট্রোর (Metro Station) সামনে জমায়েত করবেন চাকরি থেকে বাদ পড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি-র একাংশ শিক্ষাকর্মী। সেখান থেকে মিছিল যাবে মন্দিরতলা (Mandirtala) হয়ে নবান্ন পর্যন্ত। সম্ভাব্য অশান্তির আশঙ্কায় এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা, বসানো হয়েছে একাধিক ব্যারিকেড, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুনঃ “নবাগতদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা হত”— তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে শোকজ তৃণমূলের
চাকরিহারাদের দাবি, যে ৩,৩৯৪ জন প্রার্থী নিজেদের ‘যোগ্য’ প্রমাণ করেছেন, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেই সঙ্গে ‘যোগ্য শিক্ষাকর্মীদের’ শংসাপত্র-সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকায় তৈরি হয়েছে মারাত্মক আর্থিক সংকট। বহুজন ঋণে জর্জরিত অবস্থায় রয়েছেন। সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রশাসনিক হস্তক্ষেপের আরজি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের আরও এক গুরুতর দাবি, এসএসসি পরীক্ষায় ব্যবহৃত ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশ করতে হবে।
প্রসঙ্গত, এই অভিযানের প্রাথমিক তারিখ ছিল ৩ জুলাই। কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়ায় তা পিছিয়ে মঙ্গল বার অর্থাৎ ৮ জুলাই অভিযান সংগঠিত হচ্ছে। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, বহুবার কমিশনের সঙ্গে আলোচনায় বসেও কোনও মীমাংসা হয়নি। তাই এবার তাঁদের লক্ষ্য নবান্ন। আন্দোলনকারীদের বক্তব্য, “আমরা কোনও অবিচার চাই না। আমরা কেবল আমাদের প্রাপ্য, আমাদের সম্মান ফেরত চাই।”