ভারতীয় রেল
রায়গঞ্জ–গাজোল রেলপথে বড় অগ্রগতি, সাংসদ কার্তিক পাল–সুকান্তের প্রস্তাবে সায় রেলমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুরসহ মালদা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে নতুন গতি পেল। রায়গঞ্জ–ডালখোলা (Raiganj–Dalkhola) এবং রায়গঞ্জ–গাজোল (Raiganj–Gazole) রেলপথের প্রস্তাব এবার আনুষ্ঠানিকভাবে পেশ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল (Kartick Paul) এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই দুটি সম্ভাবনাময় রেল প্রকল্প নিয়ে তাঁরা দিল্লিতে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গে।
সাংসদ কার্তিক পালের ভাষ্য, রায়গঞ্জ থেকে ডালখোলা এবং রায়গঞ্জ–ইটাহার–গাজোল (Itahar–Gazole) পর্যন্ত নতুন রেললাইন তৈরির দাবি বহু বছরের। সাধারণ মানুষের সুবিধার্থে এই দাবি রেলমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শুধুমাত্র উত্তর দিনাজপুর নয়, দক্ষিণ দিনাজপুর এবং মালদা—এই তিন জেলার মানুষই রেলযোগের উন্নত সুবিধা পাবেন। অর্থনৈতিক, বাণিজ্যিক ও যাতায়াতের ক্ষেত্রে এক বড় পরিবর্তন আসবে এই অঞ্চলে।
কার্তিক পাল আরও জানান, নতুন রেললাইন হলে উত্তর দিনাজপুরের ‘পিছিয়ে পড়া জেলা’ (Backward District) পরিচিতি থেকে মুক্তি মিলবে। রেল সংযোগ (Rail Connectivity) উন্নত হলে কর্মসংস্থান, ব্যবসা ও পরিবহণে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। তাই প্রকল্পের দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে সকলের সহযোগিতা তিনি প্রত্যাশা করছেন।
এই বিষয়ে টেলিফোনে আমাদের প্রতিনিধি তুহিন দেবের সঙ্গে কথা বলেন সাংসদ কার্তিক পাল এবং প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।


