ভারতীয় রেল
হকার উচ্ছেদের আবহেই বড় পদক্ষেপ! রেল স্টেশনে এবার আসছে ভ্রাম্যমাণ ফুড স্টল
ডিজিটাল ডেস্কঃ রেলযাত্রীদের জন্য বড় সুখবর। স্টেশনে অপেক্ষার সময় কিংবা ট্রেন ধরার আগে এবার সহজেই পাওয়া যাবে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল (Eastern Railway) চালু করতে চলেছে ভ্রাম্যমাণ ফুড স্টল (Moving Food Stall)। এই নতুন উদ্যোগের ফলে সুলভ মূল্যে (Affordable Price) খাবার পৌঁছে যাবে যাত্রীদের হাতের নাগালে।
। স্টেশন চত্বরে অবৈধ হকার উচ্ছেদ (Hawker Eviction) অভিযানের জেরে যখন চারদিকে শোরগোল, ঠিক তখনই রেল যাত্রীদের সুবিধার্থে এক অভিনব ও ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেল (Eastern Railways)। রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের প্রবেশপথ বা নির্দিষ্ট এলাকায় চুক্তির ভিত্তিতে এই স্টল বসানোর অনুমতি দেওয়া হবে। তবে এগুলি কোনও স্থায়ী দোকান (Permanent Shop) হবে না। চাকা লাগানো চলমান স্টলের মাধ্যমে বিক্রেতারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে খাবার বিক্রি করতে পারবেন। ফলে যাত্রীদের কাছে সহজেই খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে কলকাতা (Kolkata Station) ও শিয়ালদহ (Sealdah Station) স্টেশনে দুটি করে ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করা হবে। যাত্রীদের সাড়া ও পরিষেবার সাফল্য বিচার করে পরবর্তীতে পূর্ব রেলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও এই ব্যবস্থা চালু করা হবে।
তবে এই পরিষেবা চালুর ক্ষেত্রে একাধিক শর্ত বেঁধে দিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টল পরিচালনার জন্য বৈধ লাইসেন্স (Valid License) বাধ্যতামূলক। খাদ্যপণ্য বিক্রির ক্ষেত্রে প্রয়োজন হবে এফএসএসএআই (FSSAI) অনুমোদনও। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management) নিশ্চিত করতে হবে বিক্রেতাদের। স্টেশন চত্বর নোংরা করা বা যত্রতত্র আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
এছাড়াও যাত্রীদের চলাচল বা ট্রেনে ওঠানামার ক্ষেত্রে কোনও রকম অসুবিধা সৃষ্টি করা যাবে না। নির্দিষ্ট এলাকার মধ্যেই স্টল পরিচালনা করতে হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই স্টল পরিচালনার অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
রেলের এই উদ্যোগ যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।
