ভাইরাল খবর
নতুন বউ শাশুড়ির সেবায়, স্বামী দিলীপ ব্যস্ত দলে—বিয়ের পরদিনও পাল্টাল না রুটিন
ডিজিটাল ডেস্কঃ ৬১ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত মুখ, বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধেয় দীর্ঘ চার বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে প্রেমিকা রিঙ্কু মজুমদারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। তবে এই বিয়ে যেন তার জীবনযাত্রার কোনও ব্যত্যয় ঘটাতে পারেনি। সদা কর্মব্যস্ত দিলীপ ঘোষ শনিবার সকালেই নিজের পুরনো রুটিনে ফিরলেন।
বিয়ের ঠিক পরদিন সকালেই যথারীতি নিউটাউনের ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েন তিনি। যেখানে ২০২১ সালে প্রাতঃভ্রমণের ফাঁকে রিঙ্কুর সঙ্গে পরিচয়, সেখানেই প্রেম। সেই প্রেমই চার বছরে পরিণতি পেল বৈবাহিক সম্পর্কে। আর তাই হয়তো বিয়ের পরদিনও সেই ‘ভবিষ্যৎ গড়ার পার্কে’ ফিরলেন তিনি। তবে এই দিনে তাঁর পাশে ছিলেন না নবপরিণীতা।
সকালের প্রাতঃভ্রমণ সেরে দলের কাজ সামলাতে শনিবারই খড়গপুর রওনা দেন দিলীপ ঘোষ। শোনা যাচ্ছে, রবিবার রাতে আবার কলকাতায় ফিরবেন তিনি। এদিকে নতুন বউ রিঙ্কু মজুমদার আপাতত রয়েছেন দিলীপের নিউটাউনের বাড়িতে। সঙ্গে আছেন শাশুড়ি পুষ্পলতা ঘোষ ও পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যাচ্ছে, বিয়ের দিন পেরোলেও এখনই রিঙ্কুকে রান্নাঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং অতিথিদের আপ্যায়নের দায়িত্বে রয়েছেন বাড়ির পুরনো রাঁধুনি। দুপুরের খাবারের মেনুতে ছিল সাদামাটা বাঙালি খাবার — ভাত ও মাছ। অতিথিদের সঙ্গে গল্প, শাশুড়ির সেবাশুশ্রূষা, এবং পরিচিত আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে প্রথম দিনটিই হাসি-আনন্দে কাটালেন রিঙ্কু।
আরও পড়ুনঃ বিয়ের পরদিনই প্রাতর্ভ্রমণে দিলীপ, বললেন— ‘ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় না!’
৫১ বছর বয়সী রিঙ্কু মজুমদার এই প্রথমবার দিলীপ ঘোষের ঘরণী রূপে প্রকাশ্যে এলেও তাঁদের সম্পর্ক ছিল বেশ দৃঢ় এবং দীর্ঘস্থায়ী। এতদিন সম্পর্ককে ব্যক্তিগত রেখেছিলেন তাঁরা। তবে সম্প্রতি দিলীপের মা পুষ্পলতার অনুরোধে শেষমেশ বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে।
তাঁদের এই প্রেম ও বিবাহ রাজনীতির বাইরের এক আবেগঘন অধ্যায় হিসেবে প্রকাশ্যে এল। রাজনৈতিক মঞ্চে ‘রাফ অ্যান্ড টাফ’ নেতা দিলীপ ঘোষ, ব্যক্তিগত জীবনে যে একজন সংবেদনশীল প্রেমিক ও পুত্র — তার প্রমাণ পাওয়া গেল এই পর্বে। এখন দেখার, রিঙ্কু মজুমদার কীভাবে সামলান তাঁর নতুন জীবন, যেখানে রয়েছে রাজনীতির ঝাঁঝ আর ব্যক্তিগত জীবনের কোমল অনুভবের মেলবন্ধন।
