রাজনীতি
‘ডেকেছেন বড় নেতা’, স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি সফরে দিলীপ ঘোষ, ঘনাচ্ছে রাজনৈতিক জল্পনা
ডিজিটাল ডেস্কঃ বৃষ্টিভেজা দুপুরে স্ত্রীকে পাশে নিয়ে রাজধানীর পথে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “দলের একজন শীর্ষস্থানীয় নেতা (Senior BJP Leader) ডেকেছেন, তাঁর সঙ্গেই আলোচনা হবে।” তবে ওই নেতার নাম উল্লেখ করেননি দিলীপ। ফলে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন—দলের অভ্যন্তরে কি আবার সক্রিয় ভূমিকা নিতে চলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি?
মাত্র একদিন আগেই বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)-র সঙ্গে একান্ত বৈঠক করেন দিলীপ। এরপরই দিল্লি সফর—একে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনেকে বলছেন, দিলীপ ঘোষের (Dilip Ghosh) ‘পুরনো মেজাজে’ ফেরার দিন কি তবে আর দূরে নয়?
আরও পড়ুনঃ বাংলার মানচিত্রে বিহার! কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের অভিযোগ
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, “দল যাঁদের হাত ধরে দাঁড়িয়েছে, তাঁদের গুরুত্ব দেওয়া উচিত। ক্ষমতার গন্ধে অনেকেই আসেন, কিন্তু আদর্শে বিশ্বাসী সবাই হন না। তাই দলকে পজিটিভ দিকেই এগিয়ে নিয়ে যেতে হবে।”
সম্প্রতি দিলীপকে তৃণমূল (TMC) শিবিরে যাওয়ার গুজব ছড়ায়, আবার নতুন দল গড়ার জল্পনাও উঠে আসে। সেইসব জল্পনার জবাবেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বলেন, “যাঁরা আমাকে তৃণমূলে পাঠিয়ে দিয়েছিলেন বা নতুন দলের নেতা বানিয়েছিলেন, তাঁরা এখন নিশ্চয় দুঃখে আছেন। হয়তো নতুন ‘ফান্ডা’ খুঁজে বার করার চেষ্টায় রাত জেগেছেন।”
একইসঙ্গে তিনি জানান, “রাজনীতি আমার কাছে কোনও ব্যবসা নয়, এটা মিশন। দায়িত্ব পেলে কাজ করেছি, ভবিষ্যতেও করব।” আপাতত দিল্লিতে অবস্থান করছেন দিলীপ ঘোষ, তাঁর এই সফর থেকে কী বার্তা বেরিয়ে আসে, তা ঘিরে আগ্রহ তুঙ্গে রাজনৈতিক মহলে।
