দেশের খবর
“ইস্তফার কথা ছাড়া আলোচনার কোনও যুক্তি নেই!” কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগেই চরম বার্তা সিজেপির
ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের (Third Round Meeting) কয়েক ঘণ্টা আগেই নিজেদের অবস্থান আরও কঠোর করল ককরোচ জনতা পার্টি (CJP)। দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগ ছাড়া আলোচনার কোনও যৌক্তিকতা নেই। তাদের দাবি, এই ইস্তফার প্রশ্ন আলোচনাতীত (Non-Negotiable) এবং এ বিষয়ে কোনও আপস সম্ভব নয়।
শনিবার সকালে এক্স (X)-এ একটি পোস্ট করে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka) বলেন, “ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের অনড় দাবি। সরকার যদি এই বিষয়ে সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী আলোচনা অর্থহীন।”
উল্লেখ্য, শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব (Constitution Club)-এ কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda) এবং জিতেন্দ্র সিংয়ের (Jitendra Singh) সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক হয়। প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে আন্দোলনকারীদের তিনটি মূল দাবি এবং পরীক্ষা সংস্কার সংক্রান্ত পাঁচটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিষয়গুলি পর্যালোচনা করে শনিবার আবার বৈঠকে চূড়ান্ত অবস্থান জানানো হবে।
সিজেপির তিনটি প্রধান দাবি হল— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ।
সরকারি সূত্রের দাবি, আন্দোলনকারীদের দ্বিতীয় ও তৃতীয় দাবির কয়েকটি দিক নীতিগতভাবে বিবেচনা করতে রাজি হয়েছে কেন্দ্র। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থার সংস্কার, ফাস্ট-ট্র্যাক আদালত (Fast-Track Court) গঠন, কঠোর আইন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ৪৭ জন আধিকারিককে অপসারণসহ একাধিক পদক্ষেপের কথাও ঘোষণা করা হয়েছে।
তবে সিজেপির বক্তব্য, এসব পদক্ষেপ যথেষ্ট নয়। আশুতোষ রাঙ্কার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চূড়ান্ত রাজনৈতিক দায় শিক্ষামন্ত্রীর উপরই বর্তায়। তাই তাঁর পদত্যাগ ছাড়া আন্দোলনের সমাধান সম্ভব নয়। এখন নজর শনিবারের তৃতীয় দফার বৈঠকে—দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে পারে, নাকি অচলাবস্থা আরও বাড়বে, সেটাই দেখার।
