রাজ্যের খবর
রাজ্যে ১৫ দিনের কড়া লকডাউন ঘোষণা করল নবান্ন
নিউজ ডেস্ক , ১৫ মে : আংশিক লকডাউনের পর রাজ্যে এবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত ১৫ দিনের জন্য টানা লকডাউন চলবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া বাকী সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এ বার বাস এবং মেট্রো,এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরি প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের মতোই বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আগের বার, লকডাউনেও নানা অজুহাতে বাইরে বেরোতে দেখা যেত সাধারণ মানুষকে। তা রুখতে আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো নিষিদ্ধ করেছে রাজ্য। এই মুহূর্তে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরেই ঘোরাফেরা করছে। দৈনিক মৃত্যুও ১০০-র উপরেই রয়েছে। সেই পরিস্থিতিতে আরও দু’সপ্তাহের জন্য কড়াকড়ি চালু করল রাজ্য সরকার। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
