দেশের খবর
কেরালার উদ্বোধনী মঞ্চে মোদী-থারুর-আদানি, অস্বস্তি বাড়ল কংগ্রেসের
নিউজ ডেস্ক: কেরালার তিরুবনন্তপুরমে ভিঝিনজম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শশী থারুরকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান সারেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধন অনুষ্ঠানে শশী থারুরের উপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরী হয়েছে। যাতে করে অস্বস্তি বাড়ল কংগ্রেসের অন্দরে। মঞ্চে ছিলেন গৌতম আদানিও।
এদিন শুক্রবার কেরালার তিরুবনন্তপুরমে ভিঝিনজম আন্তর্জাতিক বন্দর উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে থারুরের কাঁধে বন্দুক রেখে তাঁরই দলকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বললেন, আজ হয়ত অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শশী থারুরের পাশাপাশি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাকে উদ্দেশ্য করে হাসতে হাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শশী থারুরজির উপস্থিতিতে বলেন, আপনি ইন্ডি জোটের একজন মজবুত স্তম্ভ। আজ মনে হয় অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নিয়ে জল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।
আরও পড়ুন – ‘আবহাওয়ার বদল’ আসন্ন: সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে কড়া প্রতিক্রিয়ার পথে মোদী
উল্লেখ্য, সম্প্রতি শশী থারুরজি নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করার পর তাঁর সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। কংগ্রেসের তিরুবনন্তপুরমের সাংসদ প্রশংসা করেছিলেন, রুশ-ইউক্রেন যুদ্ধে ভারত সরকারের ভূমিকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক বার্তালাপ।
তাঁর বিরুদ্ধে হেরে যাওয়া বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরও সম্প্রতি থারুরকে কংগ্রেসের একমাত্র বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছিলেন। ফলে এই আবহে এদিন শুক্রবার মোদীজির এই কটাক্ষকে মোটেই ভালো চোখে নিচ্ছে না বিরোধী পক্ষ।
আরও পড়ুন – ফেসবুক কাণ্ডে ধরা বাংলাদেশি! মোদী-যোগী-হিমন্তকে নিয়ে কটাক্ষের অভিযোগ
