ভাইরাল খবর
নামের আড়ালে বার্তা! শোভাযাত্রার নাম পাল্টে ‘আনন্দ’, সাংস্কৃতিক রাজনীতির ইঙ্গিত?
ডিজিটাল ডেস্কঃ বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর সেই উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী শোভাযাত্রা। সেই বহুচেনা ‘মঙ্গল শোভাযাত্রা’ এবার পেল নতুন নাম। এবার থেকে এই শোভাযাত্রা পরিচিত হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন নামের ঘোষণা দেন আয়োজকরা। পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনের সূচি ও ভাবনা জানাতে আয়োজন করা হয় এই সম্মেলনের।
চারুকলার ডিন অধ্যাপক নিহার রঞ্জন রায় জানান, নতুন প্রজন্ম ও সময়ের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। “আমরা মূলত আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আনন্দঘন ও সর্বজনীন রূপে উপস্থাপন করতে চাই। এই শোভাযাত্রা আনন্দ আর সম্প্রীতির প্রতীক,” বলেন তিনি।
আরও পড়ুনঃহনুমান জয়ন্তীর কর্মসূচিতে ‘না’, মামলা দায়ের, হাইকোর্টের দ্বারস্থ হিন্দু সেবা দল
চারুকলা অনুষদ প্রথম এই শোভাযাত্রার সূচনা করে ১৯৮৯ সালে। তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরে, নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শোভাযাত্রার নাম হয়ে ওঠে ‘মঙ্গল শোভাযাত্রা’—যার মূল বার্তাই ছিল অশুভ শক্তির বিরুদ্ধে শুভবোধের জয়গান। ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেসকোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান পায় এই শোভাযাত্রা। তখন থেকেই এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে জানানো হয়, মঙ্গল শব্দটি অনেক সময় ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল ব্যাখ্যার শিকার হয়। ফলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে এবং শোভাযাত্রাকে আরও উৎসবমুখর ও অন্তর্ভুক্তিমূলক রূপ দিতে এই নতুন নামকরণ জরুরি হয়ে উঠেছিল।চারুকলা সূত্রের খবর, এবারও বরাবরের মতোই বৈচিত্র্যপূর্ণ মুখোশ, রঙিন পশু-প্রতিমা ও লোকজ শিল্পের সমাহারে সাজানো হবে শোভাযাত্রা। সারা দেশ থেকে মানুষ অংশ নেবে এই আয়োজনে।
নতুন নামের ঘোষণা দিয়েও আয়োজকরা বার্তা দিয়েছেন—নাম বদল হলেও উদ্দেশ্য বদলায়নি। শোভাযাত্রা যেমন ছিল, তেমনই থাকবে আনন্দ, সংস্কৃতি, এবং মানবিক চেতনার প্রতীক। পয়লা বৈশাখে ঢাকায় বর্ষবরণ এবারও শুরু হবে চারুকলা অনুষদের সামনে থেকে, তবে এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে নতুন এক পরিচয়ে।
