ভাইরাল খবর
মহিলা সংরক্ষণ নিয়ে বিজেপিকে পাঠ মমতার! জনসভা থেকে বিজেপিকে হুঙ্কার মমতার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচার তুঙ্গে। শনিবার হাওড়ার উলুবেড়িয়া পূর্বের পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত শুক্রবার সংসদে ১৩১তম সংবিধান সংশোধনী বিল (Constitutional Amendment Bill) পাশ করাতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। সেই সংসদীয় পরাজয়কে (Parliamentary Defeat) হাতিয়ার করে এদিন মমতা হুঙ্কার দেন, “বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে, ওদের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে।”
তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট জানান, একক সংখ্যাগরিষ্ঠতা (Single Majority) হারিয়ে বিজেপি এখন অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের (Delimitation) মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে ৮৫০ করার যে চেষ্টা কেন্দ্র করেছিল, তাকে ‘দেশ ভাগ’ ও ‘বঙ্গভঙ্গের’ চেষ্টা বলে অভিহিত করেন তিনি। মমতা বলেন, “বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। তৃণমূলের লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ (Member of Parliament) ৩৬ শতাংশ এবং রাজ্যসভায় ৪৬ শতাংশ। বিজেপির উচিত আমাদের থেকে শিক্ষা নেওয়া।”
এদিন গুলসান মল্লিক, পুলক রায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমর্থনে প্রচার সভায় মমতা আরও বলেন, আয়কর দফতরের (Income Tax Department) তল্লাশি চালিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা যাবে না। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, “লোকসভায় পরাস্ত হয়েছ, এবার বাংলার মাটিতেও হারবে। আগে বাংলা দখল করব, তারপর দিল্লি থেকে বিজেপিকে ভাগাব।” ১৯৯৮ সাল থেকে মহিলা সংরক্ষণের (Women’s Reservation) জন্য তাঁর লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি দাবি করেন, এই বাংলার মাটিই আগামী দিনে সারা দেশকে পথ দেখাবে।


