ভাইরাল খবর
এসআইআর নিয়ে কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) ইস্যুতে এবার সরাসরি আইনি সংঘাতে নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, রবিবার দিল্লি পৌঁছেই তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) নির্বাচন কমিশন (Election Commission of India) এবং রাজ্যের CEO দপ্তরের (Chief Electoral Officer) বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করেছেন। জানা গিয়েছে, এই মামলা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে গোড়া থেকেই আপত্তি জানিয়ে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের অভিযোগ, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়ার নেপথ্যে বিজেপির ‘ষড়যন্ত্র’ রয়েছে। গোটা প্রক্রিয়ায় একাধিক ত্রুটির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী অন্তত ছ’বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেও কোনও উত্তর মেলেনি।
এই আবহেই রবিবার দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের কথা থাকলেও, তার আগেই আইনি পথে হাঁটলেন তিনি। আগামী সপ্তাহে, ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। তৃণমূল সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনের করা মামলার সঙ্গেই মমতার রিট পিটিশনের শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে জোর আলোচনা—আইনজীবী হিসেবে ফের কি শীর্ষ আদালতে নিজেই সওয়াল করতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে?
