অপারেশন সিঁদুর
সেনা অভিযানে লস্কর জঙ্গির মৃত্যু, পাকিস্তানের দাবি ‘নিরপরাধ নাগরিক খুন’
ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের গভীর অরণ্যে লুকিয়ে থাকা তিন পাকিস্তানি জঙ্গির মৃত্যুতে ফের ভারত-বিরোধী প্রচারে নেমেছে ইসলামাবাদ। সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত লস্কর-ই-তোইবার শীর্ষ জঙ্গি সুলেমান শাহ (Suleman Shah), যিনি পাকিস্তানি সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের (SSG) প্রাক্তন কমান্ডো, তাঁকে ‘নিরপরাধ’ বলে দাবি করছে পাকিস্তানের সরকারি মহল। ভারতের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলের সহানুভূতি কুড়ানোর চেষ্টা চলছে।
গত ৯৮ দিন ধরে পহলগামের হামলার মূলচক্রী সুলেমান শাহ দক্ষিণ কাশ্মীরের মহাদেবগিরি অঞ্চলে আত্মগোপন করেছিল। সেনার নেতৃত্বে যৌথ বাহিনী শুরু করে অভিযান ‘অপারেশন মহাদেব’, যেখানে শেষ পর্যন্ত খতম করা হয় সুলেমান ও আরও দুই জঙ্গিকে। সন্ত্রাস দমন অভিযানে এই সাফল্যকে পাকিস্তান ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে ব্যাখ্যা করছে।
আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীর সীমান্তে সংঘর্ষে পরিবারহীন ২২ শিশুর ভবিষ্যৎ গড়তে এগিয়ে এলেন রাহুল গান্ধী
পাকিস্তানের ইংরেজি দৈনিক The Dawn এক বিশেষ রিপোর্টে দাবি করেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সীমান্ত পার করে আসা নিরপরাধ নাগরিকদের জোর করে আটক করে ‘terrorist’ তকমা দিচ্ছে এবং এনকাউন্টারের নাটক সাজিয়ে হত্যা করছে। তাদের ভাষ্য, “India is executing Pakistani citizens in the name of fake encounters.”
পাশাপাশি, Geo News এবং 365 Plus-এর মতো পাকিস্তানি চ্যানেলগুলি অপারেশন মহাদেবের ছবি ও তথ্যপ্রমাণ চেয়ে ভারতের বিরুদ্ধে ‘human rights violation’-এর অভিযোগ তুলেছে। তারা বলছে, “India must provide evidence of those killed in the operation.”
অবশ্য পাকিস্তানের এই দাবির মাঝে প্রশ্ন উঠছে— জঙ্গলের মধ্যে চিনা স্যাটেলাইট ফোন, আমেরিকান রাইফেল, ও অন্য অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কীভাবে এল? ভারত এখনও পর্যন্ত এই অভিযানের প্রতিক্রিয়ায় কোনও রাজনৈতিক বিবৃতি দেয়নি, তবে প্রতিরক্ষা সূত্রে স্পষ্ট— “India will not tolerate cross-border terrorism anymore.”
সেনার সাফল্যকে ঢাকতে পাকিস্তানের মিথ্যা প্রচার আর আন্তর্জাতিক মঞ্চে মুখ বাঁচানোর মরিয়া চেষ্টা চলছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।