ডিজিটাল ডেস্কঃ দিঘার জগন্নাথধাম (Jagannath Dham) থেকে শিলিগুড়ির মহাকাল মন্দির (Mahakal Temple) — ধর্ম ও রাজনীতির (Religion vs Politics) টানাপোড়েনে ফের উত্তাল বাংলা। শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই এই উদ্যোগ ঘিরে তীব্র কটাক্ষে সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছিলেন দিলীপ ঘোষ। এবার শিলিগুড়ির অনুষ্ঠানে আমন্ত্রণ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমন্ত্রণ বড় কথা নয়। তাঁর কথায়, “আমি হঠাৎ ভক্ত সাজতে মন্দিরে যাই না। ভগবানের সঙ্গে দেখা করতেই যাই। কে মন্দির বানাল, সেটা গুরুত্বপূর্ণ নয়।” পাশাপাশি তৃণমূলের (TMC) উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, “উদ্দেশ্য সৎ না হলে ভগবানও বাধা দেন।”
মন্দির রাজনীতিতে বিজেপি (BJP) পিছিয়ে পড়ছে কি না—এই প্রশ্নে দিলীপের সাফ জবাব, বিজেপি কখনও ভোটের জন্য মন্দির তৈরি করে না। তাঁর দাবি, রাম মন্দির (Ram Mandir) ৫০০ বছরের সাংস্কৃতিক সংগ্রামের ফল। কটাক্ষের সুরে তিনি বলেন, পরিস্থিতির চাপে অনেকেই এখন মন্দিরমুখী।
উত্তরবঙ্গে (North Bengal) তৃণমূলের বাড়তি নজর নিয়েও আক্রমণ শানান দিলীপ। তাঁর অভিযোগ, দক্ষিণবঙ্গে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। মানুষের বিচারই শেষ কথা—এই বার্তাই দেন তিনি। প্রসঙ্গত, প্রশাসনিক সূত্রে জানা গেছে, মহাকাল মন্দিরের জমি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন এই ধর্মীয় পরিকাঠামো ঘিরেই শুরু রাজনৈতিক তরজা।