ভাইরাল খবর
কথা রাখলেন শুভেন্দু অধিকারী! মুখ্যমন্ত্রী হতেই বাংলায় চালু ‘আয়ুষ্মান ভারত’
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে অবশেষে চালু হল কেন্দ্রের বহুল আলোচিত স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত (Ayushman Bharat)’। সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ স্বাক্ষর (MoU Signing) সম্পন্ন হওয়ার পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আজ থেকেই রাজ্যের মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা (Free Medical Treatment) পাবে। রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, অর্থাৎ প্রায় ৬.৫ কোটি মানুষ এই সুবিধার আওতায় আসবে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় বরাদ্দ ধরা হয়েছে ৯৭৬ কোটি টাকা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতাল (Hospitals Network) এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে। প্রথম দিন থেকেই পূর্ববর্তী রোগের চিকিৎসাও (Pre-existing Disease Coverage) অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরাও (Migrant Workers) দেশের যেকোনো জায়গা থেকে সুবিধা নিতে পারবেন। দীর্ঘ ৬ বছরের টানাপড়েনের পর পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হল। ২০১৮ সালে কেন্দ্র এই প্রকল্প চালু করলেও রাজনৈতিক বিরোধিতার কারণে রাজ্য এতে যুক্ত হয়নি। এবার প্রশাসনিক সমঝোতায় সেই বাধা কাটল।
শুভেন্দু অধিকারী বলেন, প্রকল্পের নামকে ঘিরে অতীতে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। কিন্তু এখন রাজ্যের মানুষ সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্য সুবিধা পাবেন। তিনি আরও জানান, স্বাস্থ্য পরিকাঠামোয় এটি এক “ঐতিহাসিক পরিবর্তন”। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের পাশাপাশি নতুন রাজনৈতিক সমীকরণও তৈরি করতে পারে।
