ভাইরাল খবর
স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীর ছুটি, টানা তিন দিনের অবকাশে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা
ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের জন্য এ যেন একেবারে উৎসবের সপ্তাহান্ত! স্বাধীনতা দিবসের (Independence Day) ছুটি পড়ছে শুক্রবার, ১৫ আগস্ট। এরপরের দিন শনিবার, ১৬ আগস্ট, ক্যালেন্ডার অনুযায়ী সরকারি অফিস খোলার কথা থাকলেও জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে নবান্ন (Nabanna) ঘোষণা করল সরকারি ছুটি। বৃহস্পতিবার রাজ্য সরকারের অর্থ দপ্তর (Finance Department) এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ আগস্ট রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বোর্ড ও পুরসভা বন্ধ থাকবে। জন্মাষ্টমী এনআই অ্যাক্ট (NI Act) অনুযায়ী সরকারি ছুটির দিন হলেও, প্রতি বছর প্রয়োজন অনুযায়ী কিছু দপ্তরে অর্ধদিবস কাজ চালু থাকে। তবে এবছর শনিবারটি সম্পূর্ণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৫ আগস্ট (শুক্র), ১৬ আগস্ট (শনি) এবং ১৭ আগস্ট (রবি) — টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুনঃ রঙে ও উৎসবে ভরপুর NUTKHUT-এ জন্মাষ্টমী আয়োজন
রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে প্রতিটি দপ্তরের সচিবের কাছে। সাধারণত মাসের তৃতীয় শনিবার সরকারি দপ্তরে অর্ধদিবস কাজ হয়। কিন্তু এবার জন্মাষ্টমী পড়ায় এই নিয়মের ব্যতিক্রম ঘটল। সরকারি সূত্রে জানা গেছে, এই ছুটির আওতায় বেশ কয়েকটি জরুরি পরিষেবা থাকলেও, প্রয়োজন হলে সেগুলি নিয়ম মেনে খোলা থাকবে।
ফলে দীর্ঘ সপ্তাহান্তে ছুটি উপভোগের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সরকারি কর্মী মহল। অনেকেই ইতিমধ্যেই টানা ছুটিকে কাজে লাগিয়ে ছোট ভ্রমণ বা পারিবারিক আয়োজনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
