ভাইরাল খবর
‘হাত মচকে চ্যাংদোলা’, শুটিং সেটে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে
ডিজিটাল ডেস্কঃ বীরভূমের শান্তিনিকেতনে শুটিং সেট ঘিরে তৈরি হল বিতর্ক। স্থানীয় এক বাসিন্দাকে হেনস্থা এবং ধস্তাধস্তির অভিযোগ উঠেছে খ্যাতনামা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) ও তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অভিযোগে ক্ষোভ ছড়িয়েছে এলাকা ও সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার, ১৩ অগস্ট, শান্তিনিকেতন থানার তালতোড় এলাকায়। সেদিন শুটিং করছিলেন অরিজিৎ সিং। অভিযোগকারী কমলাকান্ত লাহা (Kamalakanta Laha), যিনি সুভাষপল্লীর বাসিন্দা এবং পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা, সেদিন সকালে কোপাইয়ের দিকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। অভিযোগ, শুটিংয়ের কারণে তাঁকে রাস্তায় আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। প্রথমে পাঁচ মিনিট অপেক্ষার কথা বলা হলেও পরে সময় বাড়িয়ে প্রায় আধঘণ্টা অপেক্ষার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীর ছুটি, টানা তিন দিনের অবকাশে উচ্ছ্বসিত রাজ্য সরকারি কর্মীরা
কমলাকান্তবাবুর দাবি, কাজের তাড়ায় তিনি অনুরোধ করেন যেতে দেওয়ার জন্য, কিন্তু কথাকাটাকাটির পর দেহরক্ষীরা জোর করে তাঁর হাত মচকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে তুলতে চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যেই হারিয়ে যায় তাঁর হাতের সোনার আংটি।
পরে তিনি শান্তিনিকেতন থানায় প্রথমে মৌখিক এবং পরে লিখিত অভিযোগ দায়ের করেন। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কমলাকান্তবাবু বলেন, “আমি একজন শিল্পী, আরেকজন শিল্পী আমার সঙ্গে এমন ব্যবহার করবেন—এটা কল্পনাতীত।”
এই অভিযোগ সামনে আসতেই শান্তিনিকেতনে চাঞ্চল্য ছড়িয়েছে। পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পীর শুটিংয়ের সময় এমন ঘটনার জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
