বাংলাদেশ
বাংলাদেশের অস্থিরতার নেপথ্যে ভারত? বিস্ফোরক অভিযোগ মহম্মদ ইউনুসের
ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মূলে ভারত? এমনই বিস্ফোরক অভিযোগ তুলে বিতর্কের কেন্দ্রে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Mohammad Yunus)। রবিবার দেশটির একাধিক ভারতবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যোগ দিয়ে ইউনুস সরাসরি দিল্লির দিকে অভিযোগের আঙুল তোলেন। তাঁর দাবি, “বাংলাদেশে ভারতের আধিপত্য খতম হয়ে যাওয়ায় রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে তোলার চেষ্টা করছে ভারত।”
এই বৈঠক শেষে নাগরিক ঐক্য সংগঠনের নেতা মাহমুদুর রহমান মান্নান (Mahmudur Rahman Mannan) সংবাদমাধ্যমের সামনে ইউনুসের বক্তব্য তুলে ধরেন। সেখানে ইউনুস বলেন, “দিল্লি এখনও শেখ হাসিনার (Sheikh Hasina) পতন মেনে নিতে পারেনি। তাই তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থির করতে চাইছে। বাংলাদেশ ভারতের গোলাম নয়—এটা তাদের বোঝাতে হবে।” তিনি আরও বলেন, “এই চক্রান্ত রুখে দিতে সমস্ত দেশপ্রেমিক শক্তিকে একজোট হতে হবে।”
আরও পড়ুনঃ ফের কোভিড আতঙ্ক, রাজধানী-সহ একাধিক রাজ্যে সংক্রমণ বৃদ্ধির ধাক্কা
এদিকে, দেশের রাজনৈতিক সংকট ঘিরে ইউনুস সরকারের একনায়কতান্ত্রিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। সূত্রের খবর, দেশের সর্ববৃহৎ দল আওয়ামি লিগ (Awami League)-কে নিষিদ্ধ ঘোষণা করে একপ্রকার রাজনৈতিক মহলে আগুন ধরিয়ে দিয়েছেন ইউনুস। এই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে প্রবল অসন্তোষ। বিস্তীর্ণ জনমত ইউনুসের স্বেচ্ছাচারিতার বিরোধিতা করছে। তাঁর পদত্যাগের দাবিও ক্রমশ জোরাল হচ্ছে।
বাংলাদেশ সরকারের মুখপাত্র ও প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam) জানান, “নির্বাচনের আগেই দেশে অশান্তি ছড়িয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মৌলবাদী শক্তির মদত নিয়ে ইউনুস নিজের শাসন বজায় রাখতে চাইছেন। ভারত-বিরোধিতা তাই এখন তাঁর অন্যতম অস্ত্র হয়ে উঠেছে। তবে এহেন প্ররোচনায় পা না দিয়ে জনগণের একটি বড় অংশ দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছে।
সবমিলিয়ে, একদিকে ইউনুস সরকারের স্বেচ্ছাচারিতা, অন্যদিকে ভারত-বিরোধী মন্তব্য—এই দুই মিলে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই বিদ্বেষমূলক কৌশল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
