দেশের খবর
‘গ্রেফতার বা খুন করলেও পরোয়া নেই’! ডিসেম্বরে বাংলাদেশে ফেরার বড় ঘোষণা শেখ হাসিনার
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে ফের বড় চমক। নির্বাসনে (Exile) থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরে আদালতে (Court) আত্মসমর্পণ (Surrender) করার পরিকল্পনা করেছেন। তাঁর দাবি, দেশে ফিরলে গ্রেফতার (Arrest) এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে, তবুও নিজের দেশেই ফিরে আইনি লড়াই করতে চান তিনি।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ৭৮ বছরের শেখ হাসিনা বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত (Politically Motivated)। আদালতে আত্মসমর্পণ করেই তিনি সেই অভিযোগের জবাব দিতে চান। তাঁর কথায়, “আমাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি হত্যা (Assassination) করা হতে পারে। তবুও আমি দেশে ফিরব। মৃত্যু যদি আসে, তবে তা যেন নিজের দেশের মাটিতেই আসে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের (Mass Uprising) পর ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (International Crimes Tribunal) তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে শুরু থেকেই সেই রায় ও বিচার প্রক্রিয়াকে তিনি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে দাবি করে আসছেন। শেখ হাসিনা জানিয়েছেন, তিনি একা নন, আওয়ামী লীগের (Awami League) একাধিক শীর্ষ নেতাও তাঁর সঙ্গে দেশে ফিরতে পারেন। তাঁদের মধ্যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও উঠে এসেছে। দেশে ফিরে সবাই আদালতের সামনে আত্মসমর্পণ করবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও দাবি করেন, নির্বাসনে থাকলেও ভার্চুয়াল (Virtual) বৈঠকের মাধ্যমে দলের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে প্রায় ১২৫টি আসনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন।
এদিকে, বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ (Extradition) চেয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।
ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।
