দেশের খবর
ফের কোভিড আতঙ্ক, রাজধানী-সহ একাধিক রাজ্যে সংক্রমণ বৃদ্ধির ধাক্কা
ডিজিটাল ডেস্ক: ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯ (COVID-19)। রাজধানী দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), কেরল (Kerala) সহ একাধিক রাজ্যে হঠাৎ করেই সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সতর্ক প্রশাসন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই পরামর্শিকা (Advisory) জারি করেছে।
দিল্লিতে গত কয়েকদিনেই ১০০-রও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে ৯৯ জনই আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহের মধ্যে। মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯, আর কেরলে শনাক্ত হয়েছে সর্বাধিক ৪০৩ জন রোগী। দিল্লি সরকারের স্বাস্থ্য দফতর (Delhi Health Department) ইতিমধ্যেই সব সরকারি ও বেসরকারি হাসপাতালকে কোভিড মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।
জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, হাসপাতালগুলিকে যথেষ্ট সংখ্যক বেড, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার মজুত রাখতে হবে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) জানিয়েছেন, আক্রান্তদের কেউ কেউ রাজধানীর বাসিন্দা নন, ফলে তাঁদের কোথায় এবং কীভাবে সংক্রমণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ স্বর্ণমন্দিরের পর এবার তাজমহল? পাক আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা
তিনি আরও আশ্বস্ত করেছেন, আতঙ্কের কিছু নেই, কারণ সরকার সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রেলস্টেশন, ট্রেন ও পাবলিক প্লেসে সচেতনতা বাড়াতে প্রচার শুরু করেছে প্রশাসন।
উল্লেখযোগ্যভাবে, নয়ডা (Noida), গাজিয়াবাদ (Ghaziabad), গুরুগ্রাম (Gurugram)-সহ দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলিতেও করোনা সংক্রমণের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে সরকার।
চিকিৎসকরা মনে করছেন, কোভিড সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হয়ে সতর্কতাই আপাতত একমাত্র উপায়।
