ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্যে হাসপাতালের ভিতরে ঢুকে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্র খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই পুলিশের গুলিতে জখম হল সেই খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতী। মঙ্গলবার ভোরে বিহারের ভোজপুরে (Bhojpur Encounter) এই এনকাউন্টার ঘিরে ফের উত্তেজনা ছড়াল। পুলিশের দাবি, গুলিবিদ্ধ দুই যুবক চন্দন মিশ্র হত্যা মামলার অন্যতম অভিযুক্ত।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ বিহিয়া-কাটিয়া রোড সংলগ্ন নদীর ধারে কয়েকজন সন্দেহভাজন দুষ্কৃতীর অবস্থানের খবর মেলে। সঙ্গে সঙ্গেই অভিযান চালায় পুলিশ। সেখানে পৌঁছনোর পর দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় পুলিশও। এনকাউন্টারে জখম হয় বলবন্ত কুমার (Balwant Kumar, 22) ও রবিরঞ্জন সিং (Raviranjan Singh, 20)। বলবন্তের পায়ে ও হাতে, রবিরঞ্জনের থাইয়ে গুলি লাগে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ বিমান ভেঙে স্কুলে মৃত্যু: বাংলাদেশের ঘাড়ে চীনা প্রযুক্তির ভয়ঙ্কর মাশুল!
তদন্তে জানা গিয়েছে, গত ১৭ জুলাই পাটনার পারস হাসপাতালে (Paras Hospital, Patna) গ্যাংস্টার চন্দন মিশ্রকে (Chandan Mishra) পাঁচ দুষ্কৃতী আইসিইউতে ঢুকে গুলি করে খুন করে। সেই পাঁচজনের মধ্যে বলবন্ত ছিল মূল শুটার, আর রবিরঞ্জন হাসপাতালের বাইরে পাহারাদার। ইতিমধ্যে কলকাতা থেকে ধৃত নিশু খান-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল ষড়যন্ত্রকারী তৌসিফ রাজাও পুলিশের জালে।
চন্দন মিশ্র প্যারোলে মুক্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি ছিল পারস হাসপাতালে। প্রকাশ্যে গুলি চালিয়ে তাকে হত্যা করে প্রতিদ্বন্দ্বী গ্যাং। গুলি চলার মুহূর্তে বাইকে বসে এক দুষ্কৃতী বন্দুক উঁচিয়ে বিজয় সঙ্কেতও দেয়— যা ভাইরাল হয় সিসিটিভি ফুটেজে। চন্দনের বিরুদ্ধে রয়েছে ২৪টি অপরাধের মামলা, যার মধ্যে ১২টি খুনের অভিযোগ। নির্বাচনের মুখে একের পর এক হাই-প্রোফাইল খুনে কাঁপছে বিহার প্রশাসন।