ভাইরাল খবর
এনআরসি নোটিস বাংলার বাসিন্দাকে, কেন্দ্রকে কড়া বার্তা মমতার
ডিজিটাল ডেস্কঃ আসাম সরকারের পক্ষ থেকে আবারও একজন বাঙালি নাগরিককে পাঠানো হল NRC-র নোটিস। এবার নোটিস পেয়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল (Anjali Shil)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। একই সঙ্গে কড়া প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলা ভাষাভাষী এবং বাঙালি জনগোষ্ঠীর উপর বৈষম্যমূলক আচরণ করছে।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। এটা বিজেপির বাঙালিবিদ্বেষী রাজনীতির অংশ।” এর আগেও কোচবিহারের এক বাসিন্দা এনআরসি নোটিস পেয়েছিলেন। এবার ফের এক বাঙালি পরিবার সেই আতঙ্কের মুখোমুখি।
সূত্র অনুযায়ী, জটেশ্বর এলাকার বাসিন্দা অঞ্জলি শীলের নামে ফরেনার্স ট্রাইবুনাল থেকে একটি নোটিস পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে আগামী ১৯ আগস্ট তাঁকে কোকরাঝাড়ের ট্রাইবুনালে উপস্থিত হতে হবে। ওই নোটিসে Case No. KFT/159/06 উল্লেখ রয়েছে এবং তার উপর কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সিলও দেখা গিয়েছে। ফলে, জেলা বিভ্রান্তি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। নোটিসে ফালাকাটা থানার নাম থাকলেও, সেটি পাঠানো হয়েছে কোচবিহার এসপি অফিস থেকে—যা আরও বিভ্রান্তি তৈরি করেছে।
আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের মঞ্চে রণনীতি, পরদিনই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ঘোষণা মমতার
অঞ্জলি শীল জানিয়েছেন, “আমার বাবারবাড়ি অসমে হলেও আমি অনেক বছর ধরেই ফালাকাটার স্থায়ী বাসিন্দা। এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।” এই ঘটনার পর পরিবারটি যথেষ্ট উদ্বিগ্ন এবং প্রশাসনের কাছেও সাহায্যের আর্জি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “রাজনৈতিক ফায়দার জন্য কি এভাবেই বাঙালিদের হেনস্থা করা হবে?” তাঁর মতে, “This is not just an administrative error, it’s a targeted message.” রাজ্যে বিজেপির এনআরসি চালু করার চেষ্টা তিনি বরাবরই প্রতিহত করেছেন, এবারও সেই অবস্থানেই অনড় মমতা।