বাংলাদেশ
বিমান ভেঙে স্কুলে মৃত্যু: বাংলাদেশের ঘাড়ে চীনা প্রযুক্তির ভয়ঙ্কর মাশুল!
বাংলাদেশের রাজধানী ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের, যার মধ্যে ২৫ জনই শিশু। এই মর্মান্তিক ঘটনা ঘটে সোমবার দুপুরে, যখন একটি চীনা FT-7 যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ে। বায়ুসেনার ওই প্রশিক্ষণ বিমানটি উড়ানের মাত্র ১২ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটিতে ভেঙে পড়ে স্কুলের উপর। দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে চলছিল পঠনপাঠন।
বিমানটির ধ্বংসাবশেষ ও আগুনে পুড়ে যাওয়া স্কুলের কাঠামোর নিচে বহু শিশু চাপা পড়ে যায়। ঘটনাস্থলে মারা যায় অনেকেই, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও কয়েকজনের। আহত হয়েছে অন্তত ১৭০ জন। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জন, যাঁদের অনেকেই শিশু। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার ভয়াবহতা এতটাই যে বহু দেহ এতটাই পুড়ে গিয়েছে, যে শনাক্ত করা যাচ্ছে না। বাংলাদেশ সরকার ডিএনএ টেস্টের মাধ্যমে মৃতদের শনাক্তের প্রক্রিয়া শুরু করেছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানটির একমাত্র পাইলট ও স্কুলের এক নারী শিক্ষকাও।
চিকিৎসক মুহাম্মদ সায়েদুর রহমান জানিয়েছেন, এই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই পঞ্চম শ্রেণির নিচের শিক্ষার্থী। নিহতদের স্মরণে বার্ন ইউনিটে প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়েছে।
এফটি-৭ বিমানটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত একটি পুরনো ও বাতিল যুদ্ধবিমান। মূলত সেনা প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও অনেক দেশ এই বিমানটি বাতিল করেছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কেন এই বিমানের প্রশিক্ষণ এখনো চালিয়ে যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে, এই ধরণের বাতিল ও বিপজ্জনক প্রযুক্তি দিয়ে প্রশিক্ষণ চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের উচ্চ মহলে চীনের সাথে সামরিক চুক্তি এবং প্রখ্যাত অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। কারণ, ইউনুসের প্রভাবেই চীনের বিভিন্ন খাতের অনুপ্রবেশ বাংলাদেশের সরকারি স্তরে বাড়ছিল বলে অভিযোগ অনেকের।
বিমানটি ঢাকা কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড়েছিল এবং পাইলট চেষ্টা করছিলেন ফাঁকা স্থানে অবতরণ করতে, কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি। ফলে জনবহুল একটি স্কুলভবনই হলো মৃত্যুকূপ।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে। শিশুদের এই প্রাণহানির ঘটনায় জনমনে প্রশ্ন উঠছে—চীনা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কি দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি?