ভাইরাল খবর
ব্রিগেডে শুরু পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ, ভক্তদের ঢল রাজ্যে ও প্রতিবেশী দেশেও
ডিজিটাল ডেস্কঃ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রবিবার বিশাল আয়োজন— পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ (Gita Chanting)। দুই বছর পর আবারও একই স্থানে আধ্যাত্মিক (Spiritual) সমাবেশ, যার উদ্যোগ ‘সনাতন সংস্কৃতি সংসদ’ (Sanatan Sanskriti Sansad)। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলা এই অনুষ্ঠান ঘিরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। শুধু পশ্চিমবঙ্গই নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ–সহ বাংলাদেশ (Bangladesh) ও নেপাল (Nepal) থেকেও বহু ভক্ত যোগ দিয়েছেন।
ব্রিগেডে তৈরি হয়েছে তিনটি বিশাল মঞ্চ— ‘পার্থসারথি মঞ্চ’, ‘চৈতন্য মহাপ্রভু মঞ্চ’, এবং ‘শঙ্করাচার্য মঞ্চ’। প্রায় দেড়শো সাধুসন্ত রয়েছেন মূল মঞ্চে। ভিড় নিয়ন্ত্রণে রয়েছে ২৫টি গেট, আর হাওড়া স্টেশন ও ফেরিঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সহায়ক ক্যাম্পে জল, বিশ্রাম ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।
রাজ্যের প্রথম সারির বিজেপি (BJP) নেতারা— সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীসহ— উপস্থিত রয়েছেন। নির্বাচনের আগে এই আধ্যাত্মিক আয়োজনকে অনেকেই গেরুয়া শিবিরের শক্তিপ্রদর্শন বলে দেখছেন, যদিও আয়োজকদের দাবি— “অনুষ্ঠানটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক, রাজনীতিহীন।”
মঞ্চে প্রধান অতিথি— পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা, সম্মানীয় অতিথি বাবা রামদেব এবং বিশেষ অতিথি ধীরেন্দ্র শাস্ত্রী। ভোর থেকেই হাওড়া–ব্রিগেড রুটে হাতে ছোট গীতা নিয়ে ভক্তদের পদযাত্রা ও সাইকেল র্যালি মিলিয়ে তৈরি হয়েছে আধ্যাত্মিক আবহ।


