দুর্ঘটনা
বাস উলটে মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে গিয়ে চিরবিদায় নিলেন বাবা
ডিজিটাল ডেস্কঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। জখম অন্তত ৩৩ জন যাত্রী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনার আশ্রমপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা থেকে যাত্রীবোঝাই একটি বাস যাচ্ছিল পাণ্ডুয়ার দিকে। বাসটিতে থাকা গোপাল মণ্ডল তাঁর মেয়ে সুমনা পানকে শ্বশুরবাড়ি, বৈদ্যপুরের রামনগর নিয়ে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপাল মণ্ডলের।
আরও পড়ুনঃ কালো ছায়ার ক্লাসঘর! পড়ানোর অজুহাতে গৃহশিক্ষকের লালসার শিকার নাবালিকা
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরেই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। পরে পুলিশ পৌঁছে আহতদের কালনা হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে ছুটে যান কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি, কালনা পুরসভার ভাইস চেয়ারম্য়ান তপন পোড়েল ও একাধিক কাউন্সিলর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। তবে বাসে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
