রাজ্যের খবর
কালো ছায়ার ক্লাসঘর! পড়ানোর অজুহাতে গৃহশিক্ষকের লালসার শিকার নাবালিকা
ডিজিটাল ডেস্কঃ পড়ানোর অছিলায় গৃহশিক্ষকের শ্লীলতাহানির শিকার এক নাবালিকা—অভিযোগ দায়েরের পরও পুলিশ কার্যত নিষ্ক্রিয়। আর তাতেই ফেটে পড়ল জনরোষ। উত্তপ্ত হয়ে উঠল আলিপুরদুয়ার। সোমবার সকাল থেকেই রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ ছিল পলাশবাড়ি এলাকার রাস্তাঘাট। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্ত এখনও অধরা।
জানা গেছে, ১ নম্বর ব্লকের শিলবাড়ি স্কুলের ১৪ বছরের এক ছাত্রী শিলবাড়ি হাট হাই স্কুলের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। অভিযোগ, পড়ানোর সময় একাধিকবার ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন শিক্ষক। বিষয়টি জানাজানি হতেই গত ৩ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতার পরিবার।
আরও পড়ুনঃ রাফা এখন মৃত্যুপুরী, ইজ়রায়েলি হামলায় মৃত হাজার হাজার
তবে অভিযোগ, ঘটনার পাঁচ দিন কেটে গেলেও পুলিশ অভিযুক্ত শিক্ষককে এখনও গ্রেপ্তার করেনি। সেই গাফিলতির প্রতিবাদেই এদিন সকাল থেকে রাস্তায় নামে স্থানীয় বাসিন্দারা। তাঁরা দাবি তোলেন, অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশ আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
এলাকাবাসীর প্রশ্ন, নাবালিকার অভিযোগের মতো স্পর্শকাতর বিষয়ে কেন এতটা ঢিলেমি? প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্রমেই ক্ষোভ জমছে জনমনে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
