বিশ্বের খবর
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসে বিশেষ চমক! ট্রাম্পের ছবিসহ ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ আনছে হোয়াইট হাউস
ডিজিটাল ডেস্কঃ মুদ্রার পর এবার মার্কিন নাগরিকদের পাসপোর্টেও (Passport) স্থান পেতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন (250th Anniversary Celebration) উপলক্ষে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ (Patriot Passport) নামে একটি বিশেষ সংস্করণ ইস্যু করার ঘোষণা করেছে হোয়াইট হাউস। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট (State Department) এই নতুন নকশার নমুনা প্রকাশ করার পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নমুনা অনুযায়ী, সীমিত সংস্করণের (Limited edition) এই পাসপোর্টের ভেতরে ১৭৭৬ সালের ৪ জুলাইয়ের স্বাধীনতার ঘোষণাপত্রের পটভূমিতে ট্রাম্পের একটি গম্ভীর প্রতিকৃতি (Portrait) থাকবে। ছবির নিচে সোনালি রঙে শোভা পাবে তাঁর স্বাক্ষর (Signature)। সরকারি মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এটি জাতীয় গর্ব ও দেশপ্রেম (Patriotism) পুনরুজ্জীবিত করার একটি প্রয়াস। ওয়াশিংটন ডিসির নির্দিষ্ট এজেন্সি থেকে আবেদনকারীরা কোনো অতিরিক্ত ফি (Additional fee) ছাড়াই এই বিশেষ পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
তবে এই পদক্ষেপ নিয়ে মার্কিন রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) মতে, এটি ব্যক্তিপূজার এক নজিরবিহীন উদাহরণ। এমনকি উত্তর কোরিয়ার মতো দেশেও রাষ্ট্রপ্রধানের ছবি পাসপোর্টে থাকে না। শুধু পাসপোর্ট নয়, ২৫০ ফুট উঁচু ‘আর্ক দ্য ট্রাম্প’ (Arc de Trump) নামক বিজয় তোরণ নির্মাণ, ২৪ ক্যারেটের স্বর্ণমুদ্রা প্রকাশ এবং ডলারের নোটে নিজের স্বাক্ষর যুক্ত করার মতো সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প নিজের দৃশ্যমান উত্তরাধিকার (Visible legacy) নিশ্চিত করতে চাইছেন। উল্লেখ্য, বর্তমান মার্কিন পাসপোর্টে সাধারণত ঐতিহাসিক ঘটনা যেমন চাঁদে অবতরণ বা স্ট্যাচু অব লিবার্টির ছবি থাকে, কিন্তু কোনো জীবন্ত রাজনৈতিক নেতার ছবি ব্যবহারের ঘটনা এই প্রথম।


