ভোটের খবর
‘এপ্রিলে বাংলায় ভোট’, বিজেপি সরকার গঠনের সমীকরণ বোঝালেন অমিত শাহ
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026) হবে—কলকাতার বঙ্গভূমি (Banga Bhumi) প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোন রাজনৈতিক অঙ্কে বিজেপি (BJP) ছাব্বিশের ভোটে বিপুল আসনে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে।
অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ৩ আসন থেকে ৭৭ আসনে পৌঁছেছে। বাংলার মানুষ এবার সুশাসন (Good Governance) আনতে বদ্ধপরিকর।” যদিও নির্বাচন কমিশনের (Election Commission) আগে একজন রাজনৈতিক নেতার এভাবে ভোটের সময় ঘোষণা করা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলায় বিজেপির রাজনৈতিক যাত্রাপথ তুলে ধরেন শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৪ সালে বিজেপি পায় ১৭ শতাংশ ভোট ও ২টি আসন, ২০১৬ সালে ১০ শতাংশ ভোট ও ৩টি আসন, ২০১৯ লোকসভায় ৪১ শতাংশ ভোট ও ১৮টি আসন, ২০২১ বিধানসভায় ৩৮ শতাংশ ভোট ও ৭৭টি আসন এবং ২০২৪ সালে ৩৯ শতাংশ ভোট ও ১২টি আসন। শাহের দাবি, ২০২৬ সালে বিজেপি দুই-তৃতীয়াংশ আসনে জিতে সরকার গঠন করবে।
ভাষণের শুরুতেই বাঙালি আবেগে (Bengali Sentiment) সুর চড়ান শাহ। ১৯৪৩ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র পোর্ট ব্লেয়ারে পতাকা উত্তোলনের প্রসঙ্গ টানেন। পাশাপাশি অনুপ্রবেশ (Illegal Immigration) নিয়ে কড়া বার্তা দিয়ে বলেন, “এটা শুধু বাংলার নয়, গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন।”
রাজ্য সরকারকে ‘সিন্ডিকেট’ রাজনীতির অভিযোগে নিশানা করে শাহ বলেন, বিজেপি সরকার এলে বঙ্গ গৌরব ও সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে। তবে তাঁর এই দাবি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এটা অমিত শাহর আরও একটি ব্যর্থ বঙ্গ সফর।”
এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “যাঁরা অন্য রাজ্যে বাংলাভাষীদের ওপর অত্যাচার করেন, তাঁরাই আবার ‘সোনার বাংলা’ গড়ার কথা বলছেন।”


