উত্তর দিনাজপুর
উত্তর দিনাজপুর জেলার সীমান্তের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ বুধবার শিলিগুড়ির উত্তরকন্যা (Uttarkanya) ভবনে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন তিনি। উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার আধিকারিকরাও এদিন ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রায়গঞ্জের (Raiganj) কর্নজোড়া প্রশাসনিক ভবন থেকে।
জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা (Surendra Kumar Meena), মহকুমা শাসক কিংশুক মাইতি (Kingshuk Maity), অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও গোয়ালপোখরের বিধায়ক গোলাম রাব্বানী (Ghulam Rabbani), চোপড়ার বিধায়ক হামিদুর রহমান (Hamidur Rahman) এবং জেলার অন্যান্য বিধায়কেরা। পৌর প্রতিনিধি হিসেবে ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandeep Biswas), উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার (Arindam Sarkar) সহ জেলার অন্যান্য পৌর প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ ধর্ষণের অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল, আদালতে বিস্ফোরক দাবি— ‘অভিযোগকারিণীই আমার স্ত্রী’
বৈঠকে মুখ্যমন্ত্রী জেলার সার্বিক উন্নয়নের খোঁজখবর নেন এবং জেলা শাসকের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত পরিসংখ্যান চান। জেলাশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার উন্নয়ন সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ইসলামপুর মহকুমার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থার উপর। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, অনুপ্রবেশ রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সজাগ থাকতে হবে।
এছাড়াও রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)–কে যেন ডিস্টার্ব না করেন। একসঙ্গে কাজ করুন জেলার উন্নয়নের জন্য।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে প্রশাসনিক পর্যালোচনার পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমন্বয়ের বার্তাও স্পষ্ট হয়ে উঠেছে।
