Uncategorized
ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালিয়ে প্রতারণা! গ্রেফতার ৩
নিউজ ডেস্ক: ভুয়ো নার্সিং সেন্টার চালিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়৷ পুলিশ জানিয়েছে ধৃতদের কৃষ্ণকান্ত মন্ডল,অসীম কুমার জানা ও পবিত্র জানা। এদের সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায়।
এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা করে আসছিল বেকার যুবক যুবতীদের৷ নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
আরও পড়ুন – মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন! হাওড়া থেকে গ্রেফতার মূল পান্ডা
দীর্ঘ ১ বছর ধরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তারা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে বলে অভিযোগ। প্রায় ৩০ জন বেকার ছেলেমেয়ে তাদের প্রতারণার শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এই ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিতরা৷ অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ৷ ওই ট্রেনিং সেন্টারে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতদের তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন – কানাডায় গুলির লড়াইয়ের মাঝে প্রাণ গেল ভারতীয় ছাত্রী, শোকপ্রকাশ ভারতীয় কনসুলেটের
