শিকলে বাঁধা, মাটিতে হাঁটানো—কেরলের বেসরকারি সংস্থায় মধ্যযুগীয় কায়দায় শাস্তি কর্মীদের
Connect with us

চাকরি

শিকলে বাঁধা, মাটিতে হাঁটানো—কেরলের বেসরকারি সংস্থায় মধ্যযুগীয় কায়দায় শাস্তি কর্মীদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কেরলের কোচির এক বেসরকারি মার্কেটিং সংস্থার বিরুদ্ধে কর্মীদের উপর অমানবিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক কর্মীকে গলায় দড়ি বেঁধে কুকুরের মতো হাঁটু গেড়ে চলতে বাধ্য করা হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ, টার্গেট পূরণ করতে না পারলে কর্মীদের দিয়ে মেঝেতে পড়ে থাকা কয়েন চাটানো হত, এমনকী শিকলে বেঁধে রাখা হত কর্মীদের।

ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ব্যাপক শোরগোল। কেরলের শ্রমমন্ত্রী ভি. শিবনকুট্টি এই ঘটনাকে “ভয়ঙ্কর ও বেদনাদায়ক” বলে মন্তব্য করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জেলার শ্রম দফতরের আধিকারিকদের রিপোর্ট তলব করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সংস্থার মূল দফতর কোচির কালুরে হলেও ঘটনাটি ঘটেছে পার্শ্ববর্তী পেরুম্বাভুরে। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। সংস্থার মালিক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এই সংস্থার সঙ্গে যুক্ত কোনও স্থানীয় পরিবেশক বা বাজারজাতকারী সংস্থার অফিসে ঘটনাটি ঘটে থাকতে পারে।

আরও পড়ুনঃ অধিকার রক্ষায় রাস্তায় লক্ষ মানুষ, ট্রাম্পের নীতির বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকা

এদিকে, কেরল রাজ্য মানবাধিকার কমিশন হাই কোর্টের আইনজীবী কুলাথুর জয়সিংহের অভিযোগের ভিত্তিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পাশাপাশি রাজ্য যুব কমিশনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। জেলার পুলিশ প্রধানকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়েছে। শ্রমিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement