দেশের খবর
ছট পুজোকে ইউনেস্কোর তালিকায় আনতে উদ্যোগী কেন্দ্র, ঘোষণা করলেন মোদী
ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে বিহারবাসীর জন্য এল দারুণ খবর। ১২৬তম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) ঘোষণা করলেন যে, ঐতিহ্যবাহী ছট উৎসব (Chhath Utsav)-কে ইউনেস্কোর (UNESCO) সাংস্কৃতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, “সূর্যদেবতার আরাধনার এই পুজো এখন কেবল বিহার নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা পাচ্ছে। ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে।”
বিহারে ভোট (Election) আসন্ন, তাই মোদীর এই ঘোষণাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যেই বিহারের বিভিন্ন প্রান্তে আনন্দের ছোঁয়া, অনেকেই বলছেন ছট পুজোর আগে এ এক বিশাল উপহার।
এই বিশেষ পর্বে মোদী শ্রদ্ধা জানান শহিদ ভগৎ সিং (Bhagat Singh)-কে। বলেন, “ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুব সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা। দেশসেবায় তাঁর আত্মবলিদান আজও আমাদের প্রেরণা দেয়।” তিনি আরও জানান, ফাঁসির আগে ভগৎ সিং ব্রিটিশদের চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন তাঁকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়—এমন সাহসিকতা আজও বিস্মিত করে।
প্রধানমন্ত্রী স্মরণ করেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)-এর জন্মবার্ষিকীও। বলেন, “লতা দিদির গান আজও মানুষের আবেগকে নাড়া দেয়। বিশেষ করে দেশাত্মবোধক গানগুলিতে ছিল এক অন্যরকম শক্তি। প্রতি বছর উনি আমাকে রাখি পাঠাতেন। ‘জ্যোতি কলস ছলকে’ গানটি আমার অত্যন্ত প্রিয়।”
এছাড়াও, মোদী বলেন, দুই ভারতীয় নৌবাহিনী (Navy) অফিসার ‘নাবিকা সাগর পরিক্রমা’ মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সাহসিকতা গর্বের।
খাদি (Khadi) এবং হস্তশিল্পের গুরুত্বও তুলে ধরেন মোদী। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী-তে দেশবাসীকে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, “খাদি শুধুই কাপড় নয়, এটি স্বদেশী চিন্তার প্রতীক। গত কয়েক বছরে খাদির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। #VocalForLocal ব্যবহার করে খাদিকে সমর্থন করুন।” উদাহরণ হিসেবে তুলে ধরেন তামিলনাড়ুর ‘ইয়াজ ন্যাচারালস’ (Yaz Naturals) ও ঝাড়খণ্ডের ‘জোহরগ্রাম’ (Johargram) ব্র্যান্ডকে।
শেষে, আরএসএস (RSS)-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে তাঁদের সেবামূলক কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্রীয় স্বার্থই (National Interest) সর্বাগ্রে, এই ভাবনা তাঁদের প্রতিটি কর্মকাণ্ডে পরিলক্ষিত হয়।”


