১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র, মন্ত্রীর বক্তব্য নিয়ে তৃণমূলের নালিশ
Connect with us

ভাইরাল খবর

১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র, মন্ত্রীর বক্তব্য নিয়ে তৃণমূলের নালিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া ইস্যুতে ফের উত্তাপ ছড়াল সংসদে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ বাপি হালদার। তাঁর অভিযোগ, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর এবং বাস্তব তথ্য থেকে সম্পূর্ণভাবে ভিন্ন। বিষয়টিকে সংসদের মর্যাদা লঙ্ঘনের শামিল বলেই দাবি তাঁর।

বাপি হালদার জানান, তিনি MGNREGS অর্থাৎ ১০০ দিনের কাজ সংক্রান্ত বকেয়া নিয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক নিজেই স্বীকার করেছিল, ২০২১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ সরকারকে কোনও বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু সংসদে বক্তৃতার সময়ে চন্দ্রশেখর পেম্মাসানি এই তথ্য অস্বীকার করেন এবং একাধিক রাজ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য পেশ করেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, তাঁর মতে তামিলনাড়ু সহ একাধিক রাজ্য নিয়েও কেন্দ্রীয় মন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে লোকসভা অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জানিয়েছেন বাপি হালদার।

আরও পড়ুনঃ ওয়াকফ ঘিরে অশান্তি, আদালতের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলনে গিয়েছিলেন তৃণমূল কর্মীরা। এমনকি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থও হয়েছে রাজ্য সরকার। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও মেলেনি অর্থ। এর আগেও কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধেও স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিল তৃণমূল। রাজ্যসভার উপদলনেতা সাগরিকা ঘোষ অভিযোগ করেছিলেন, আমেরিকায় অভিবাসীদের প্রত্যাবর্তন নিয়ে সংসদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রী। যদিও সেই অভিযোগ আমল পায়নি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement