রাজনীতি
একনাথ শিন্ডেকে ‘বিশ্বাসঘাতক’ বলায় কুণাল কামরার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে অন্তর্বর্তী স্থগিতাদেশ
ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক ব্যঙ্গ-রসিকতার জেরে দায়ের হওয়া মামলায় শেষপর্যন্ত কৌতুক শিল্পী কুণাল কামরাকে সাময়িক স্বস্তি দিল বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে করা প্যারোডি গানের ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে কামরাকে গ্রেপ্তার করার কোনও প্রয়োজন নেই।
ঘটনার সূত্রপাত এক স্ট্যান্ড-আপ শো-তে কুণাল কামরার গাওয়া একটি প্যারোডি গানকে ঘিরে। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’–এর গানের সুরে একনাথ শিন্ডেকে নাম না করে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিলেন তিনি। ২০২২ সালে শিবসেনার ভাঙনের পরে শিন্ডের বিজেপি-যোগ ঘিরে এই ব্যঙ্গাত্মক গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। মহারাষ্ট্রের শাসক জোট মহায়ুতি ও শিন্ডে শিবসেনার নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান। কমেডি পারফরম্যান্সের স্থান ‘হ্যাবিট্যাট স্টুডিয়ো’-তেও হামলা চালায় কিছু শিন্ডে সমর্থক। এরপরেই কুণাল কামরার বিরুদ্ধে দায়ের হয় FIR। ওই FIR বাতিলের আবেদন জানিয়ে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন।
আরও পড়ুনঃ প্রেম ভেঙে মৃত্যু, বিচার না মেলায় মৃতদেহ নিয়েই পথে নামল পরিবার
বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি সারঙ্গ কোতোয়াল ও বিচারপতি শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চ জানান, “ভারতীয় দণ্ডবিধির ৩৫(৩) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই ধরনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বাধ্যতামূলক নয়। এমনকি অভিযোগের প্রেক্ষিতে সমন জারি হলেও তাতে গ্রেপ্তার অপরিহার্য নয়।” তবে বিচারপতিরা জানান, মামলার পূর্ণাঙ্গ রায় ‘রিজার্ভড’ রাখা হচ্ছে। সেই রায় না আসা পর্যন্ত কুণাল কামরাকে গ্রেপ্তার করা যাবে না।
উল্লেখযোগ্যভাবে, মুম্বই পুলিশ ইতিমধ্যে তিনবার কুণাল কামরাকে সমন পাঠিয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে হাজিরা দেননি। তবে এর মধ্যেই মাদ্রাজ হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন তিনি।
এই রায়ে আপাতত স্বস্তি পেলেও, রাজনৈতিকভাবে সংবেদনশীল এই মামলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সে দিকেই এখন তাকিয়ে আইন ও শিল্পজগৎ। কৌতুক এবং মতপ্রকাশের স্বাধীনতার সীমানা নিয়ে বিতর্ক আরও একবার সামনে এল এই
ঘটনাকে ঘিরে।
