তৃণমূলে ফিরতে চান দক্ষিণ দিনাজপুরের বাচ্চু হাঁসদা
Connect with us

দক্ষিণ দিনাজপুর

তৃণমূলে ফিরতে চান দক্ষিণ দিনাজপুরের বাচ্চু হাঁসদা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ২৮ মে : সোনালী গুহ, সরলা মুর্মুর পর অক্সিজেনের খোঁজে প্রাক্তন তৃণমূল মন্ত্রী বাচ্চু হাঁসদা। তাকে দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে বিধানসভা ভোটের আগে ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দিয়েছিলেন।

কিন্তু সেই দলে একমাস থাকতে না থাকতেই প্রায় দমবন্ধ হয়ে আসছে। এই পরিস্থিতিতে এখন পুনরায় তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। তার আবেদন “দিদি” যেন তাকে দলে ফিরিয়ে কাজের সুযোগ করে দেন। উল্লেখ্য তৃণমূলের টিকিট না পেয়ে ভোটের মাত্র কয়েকদিন আগে বিজেপি তে যোগ দেন তৃণমূলের তপন বিধানসভার বিদায়ী বিধায়ক তথা তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা। বাচ্চু হাঁসদা বেসুরো হতেই তার বাড়িতে গিয়ে তাকে দলে থাকতে অনুরোধ করেছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ। যেদিন সকালে অর্পিতা ঘোষ তার বাড়িতে যান, সেদিন রাতেই কোলকাতা গিয়ে পর দিন ১০ মার্চ হেষ্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়ে বিজেপি তে যোগ দেন বাচ্চু হাঁসদা। কিন্তু ভোটে তপন বিধানসভার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু পরাজিত হলেও, রাজ্যে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ হয়ে জিতে এসেছে। বর্তমানে বিজেপি তে যাওয়া বাচ্চু হাঁসদা জানান, ভোটের আগে আবেগতাড়িত হয়ে বিজেপি তে গিয়েছিলাম। পরে ভুল বুঝতে পেরেছি। তাই বিজেপি তে থেকেও ভোটের সময় তিনি গোপনে তৃণমূলের হয়ে কাজ করছেন বলে দাবি করেন। এখন তার আবেদন, তিনি তৃণমূলে ফিরে কাজ করতে চান। এবিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, এরা সু্যোগ সন্ধানী। আর, কেউ কোনো দলে থেকে যদি অন্য দলের হয়ে কাজ করেন, তারা যে দলেই যান বিশ্বাসঘাতকতা করবেন। জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সুভাষ চাকী জানান, ফিরতে চাইলে রাজ্য মেনে নিলেই জেলা নেতৃত্ব মেনে নেবে। তবে, ভোটের সময় দলকে বিপদে ফেলে যিনি অন্য দলে চলে গিয়েছিলেন, তিনি ফিরতে চাইলে তা সিদ্ধান্ত নেবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে জেলা নেতৃত্বের কিছু করণীয় নেই।