বিশ্বের খবর
স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায়, বাঙালির সংস্কৃতি ধ্বংসের চেষ্টা চলছে, নববর্ষে বিস্ফোরক শেখ হাসিনা
ডিজিটাল ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪৩২-র প্রাক্কালে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। রবিবার এক বিবৃতিতে তিনি নববর্ষকে কেন্দ্র করে জনগণের মঙ্গল কামনার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরব হন। সরাসরি নাম করে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বিরুদ্ধে তীব্র অভিযোগ আনেন তিনি।
হাসিনার বক্তব্য, “আজ বাংলাদেশে স্বাধীনতাবিরোধীরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তারা বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি বলেন, এই অপশক্তিরা অতীতেও যখনই ক্ষমতায় এসেছে, তখনই বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর আক্রমণ করেছে। “মঙ্গল শোভাযাত্রা বন্ধের চেষ্টা থেকে শুরু করে তার নাম পরিবর্তনের চেষ্টাও হয়েছে,” উল্লেখ করেন হাসিনা।
আরও পড়ুনঃ বিদ্যুৎ সংকটে বাংলাদেশ !বকেয়া পরিশোধ না করাতে বিদ্যুৎ দেওয়া বন্ধ করল আদানি
প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর থেকেই বাঙালির সাংস্কৃতিক অগ্রযাত্রা ধ্বংসের চেষ্টা শুরু হয়। “তখন থেকেই পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলেছে, সংস্কৃতির মাঝে রাজনৈতিক বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে।” তিনি জানান, এসব সত্ত্বেও বাঙালি চুপ করে বসে থাকেনি। “ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে প্রতিবছর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে ইউনেসকো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়, যা আমাদের গর্বিত করে।”
নববর্ষ উপলক্ষে শেখ হাসিনা আওয়ামী লিগ সরকারের বিভিন্ন সংস্কৃতি-বান্ধব পদক্ষেপের কথাও স্মরণ করিয়ে দেন। যেমন, চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা চালু করাসহ বিভিন্ন উৎসব ভাতা প্রবর্তন। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনার বার্তা, “পয়লা বৈশাখে দেশ ও জাতির মঙ্গলে জনগণের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত দেশপ্রেম জাগ্রত হোক। খুলে যাক সম্ভাবনার নতুন দুয়ার।” পাশাপাশি তাঁর আহ্বান, “স্বাধীনতাবিরোধী ও অপসংস্কৃতি প্রচারকারী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে—এই হোক বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার।”
